২০১৫ সালে যৌথ প্রযোজনার সিনেমা ‘আশিকী’ দিয়ে চলচ্চিত্রে যাত্রা শুরু করা নুসরাত ফারিয়ার। এরপর তাকে বাংলাদেশের চেয়ে কলকাতার চলচ্চিত্রেই বেশি দেখা গেছে। গত শুক্রবার একটি অনুষ্ঠানে ফারিয়ার কথায় তেমনটাই যেন আরও পরিষ্কার হলো। সাংবাদিকরা তাকে এ বিষয়ে প্রশ্ন করলে তিনি অকপটে বললেন, ‘বাংলাদেশের পরিচালকরা তাকে নিয়ে কম ভাবেন।’ কেন কম ভাবেন, তার ব্যাখ্যাও দিলেন তিনি, ‘বাংলাদেশের ডিরেক্টররা হয়তো মনে করেন, ও আচ্ছা সে খুব সুন্দরী। তাকে শুধু গ্ল্যামারাস চরিত্রেই মানাবে। তাকে মনে হয় ভাঙা যাবে না। কিন্তু আমার মনে হয়, নুর ইমরান মিঠু সেটা করিয়ে দেখিয়েছেন “পাতালঘর”-এ। আমি যে রকম ভালোবাসা বা সাড়া “পাতালঘর” থেকে পেয়েছি, সেটা আসলেই অনবদ্য। আমার ভীষণ ভালো লাগার অভিজ্ঞতা রয়েছে এই ছবিটি ঘিরে। আমি চাই এখন থেকে বাংলাদেশের পরিচালকরাও আমাকে নিয়ে নতুন করে ভাববেন। আমিও যথাসাধ্য চেষ্টা করব নিজেকে নতুন করে সব ধরনের চরিত্রে হাজির করার।’
আট বছরের পেশাদার চলচ্চিত্রজীবন নুসরাত ফারিয়ার। কলকাতায় সর্বশেষ তার মুক্তি পাওয়া ছবি ‘বিবাহ অভিযান ২’। এদিকে ঢাকার প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ‘সুড়ঙ্গ’, যেটিতে তাকে ‘ও ট্যাকা তুই কলিজা আর জান’ এমন কথার একটি আইটেম গানে পারফর্ম করতে দেখা গেছে। এ ছাড়া চরকিতেও মুক্তি পেয়েছে ‘পাতালঘর’ নামের একটি ওয়েব ফিল্ম, যেটিতে নুসরাত ফারিয়াকে একেবারে ভিন্নরূপে পেয়েছেন দর্শকরা।
২০২৩ সালের সেপ্টেম্বর মাস শুরু হয়েছে। বছরের এই কয়েক মাসের মধ্যে চলচ্চিত্র, ওয়েব ফিল্ম, নতুন গান এবং ওয়েব সিরিজ ও চলচ্চিত্রে অতিথি চরিত্রেও ছিলেন নুসরাত ফারিয়া। পেশার দিক দিয়ে এ বছর ফারিয়ার জন্য খুবই ভালো যাচ্ছে বলে জানালেন ফারিয়া। তিনি বললেন, ‘পেশাদারিভাবে এ বছরটা আমার জন্য খুব সুন্দর। কারণ, বছরের শুরুতে জি-ফাইভে “ভয়” প্রকাশিত হয়েছে। কলকাতার প্রেক্ষাগৃহে “বিবাহ অভিযান ২” ছবিটা মুক্তি পেয়েছে। “বুঝি না তো তাই” শিরোনামের গান এসভিএফ থেকে, চরকি থেকে “কলিজা আর জান” আর “আবার প্রলয়” ওয়েব সিরিজে “মেনকা” গান প্রকাশিত হয়েছে। চরকির “পাতালঘর” তো আগেই বললাম। বছরের সেপ্টেম্বর মাস চলছে, অলরেডি আমার ছয়টা কনটেন্ট রিলিজ হয়ে গেছে। সামনে আরও আসছে, পুজোতে কলকাতায় মুক্তি পাবে “রকস্টার”। “মুজিব”ও আসবে এ বছরেই। এসবের বাইরে সামনে আরেকটি গানও মুক্তি পাবে। অনেক কিছুই আসছে। আমি আমার এ সময়কে উপভোগ করছি।’ তিনি আরও বলেন, ‘অনেক বছর ধরেই এ রকম পরিকল্পনামাফিক কাজ করতে চাচ্ছিলাম, আমার সঙ্গে যেটা যায়। আমার কাছে মনে হয়, একজন ফিমেল অ্যাক্টরকে সঠিকভাবে প্রতিষ্ঠিত করার জন্য যে ধরনের কাজ দরকার ক্যারিয়ারে, এখন এসে আমি পাচ্ছি।’
এ মাসেই ফারিয়ার জন্মদিন। একই মাসে সবার প্রিয় চিত্রনায়ক প্রয়াত সালমান শাহর জন্মদিন। এই অকালপ্রয়াত নায়ককে নিয়েও স্মৃতিচারণ করলেন ফারিয়া, ‘শালমান শাহ আসলে একটি ইমোশনের নাম। সালমান শাহ মানে প্রতি শুক্রবার ৩টার সময় টিভির সামনে তার সিনেমা দেখা। সালমান শাহ মানেই একজন আদর্শ নায়ক, আদর্শ পুরুষ, যার প্রতি ক্রাশ খাবে সব মেয়েই। আসলে তাকে নিয়ে বলতে থাকলে তা শেষ হবে না। তিনি এমনই একজন আর্টিস্ট, যার কোনো দিন মৃত্যু হবে না বলে আমি মনে করি। তিনি সব সময় আছেন আমাদের চারপাশে, তার ভক্তদের ভালোবাসায় সিক্ত হচ্ছেন প্রতিনিয়ত। তার তুলনা শুধু তিনি নিজেই। তিনি বেঁচে থাকলে আমি নিশ্চয়ই তার সঙ্গে কাজ করতে চাইতাম। সেই ইচ্ছা আজীবন অপূর্ণই থেকে যাবে আমার মতো নতুন প্রজন্মের অসংখ্য তরুণ-তরুণীর।’
