দেশে ডেঙ্গুতে অর্ধেকের বেশি মারা যাচ্ছে হাসপাতালে ভর্তির ২৪ ঘণ্টার মধ্যে। আর ৮৩ শতাংশ রোগীর মৃত্যু হচ্ছে ভর্তির তিন দিনের মধ্যে। স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গু প্রাদুর্ভাবের সাপ্তাহিক বিশ্লেষণে এমন তথ্য উঠে এসেছে।
অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত সপ্তাহে (২৭ আগস্ট-২ সেপ্টেম্বর) সারা দেশে ডেঙ্গুতে মারা গেছে ৮১ জন। তাদের মধ্যে ৪৭ জন মারা গেছে হাসপাতালে ভর্তির ২৪ ঘণ্টার মধ্যে, যা মোট মৃত্যুর ৫৮ শতাংশ। ২৫ শতাংশ বা ২০ জন রোগী মারা গেছে ভর্তির দুই থেকে তিন দিনের মধ্যে। সে হিসেবে গত সপ্তাহে ভর্তির তিন দিনের মধ্যে মারা গেছে ৮৩ শতাংশ রোগী।
এ ছাড়া ১২ শতাংশ বা ১০ জন রোগী মারা গেছে ভর্তির ছয় থেকে ১০ দিনের মধ্যে, ৪ শতাংশ বা তিন জনের মৃত্যু হয়েছে ভর্তির চার থেকে পাঁচ দিনের মধ্যে ও ১ শতাংশ বা একজন মারা গেছে ভর্তির ১০ তার বেশি দিনের মধ্যে।
অধিদপ্তরের বিশ্লেষণ অনুযায়ী, গত সপ্তাহে মোট রোগী পাওয়া গেছে ১৫ হাজার ৫১০ জন। আক্রান্তদের মধ্যে সর্বোচ্চ ১৫ শতাংশের বয়স ছিল ২১-২৫ বছরের মধ্যে। কিন্তু সবচেয়ে বেশি মারা গেছে ৩৬-৪০ বছরের মধ্যে ১৪ শতাংশ।
গত ২৪ ঘণ্টায় (গতকাল সোমবার সকাল ৮টা পর্যন্ত) দেশে নতুন করে ডেঙ্গু জ¦রে আক্রান্ত ২ হাজার ৮২৩ জন বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে। আক্রান্ত রোগীর সংখ্যা গত ২৪ দিনের মধ্যে সর্বোচ্চ। এর আগে এর চেয়ে বেশি রোগী পাওয়া গিয়েছিল ১৩ আগস্ট ২ হাজার ৯০৫ জন। নতুন রোগীদের মধ্যে ঢাকার বাইরে ভর্তি হয়েছে ১ হাজার ৮১৮ জন ও ঢাকায় ১ হাজার ৫ জন।
এ নিয়ে এখন পর্যন্ত এ বছর ডেঙ্গুতে মোট রোগীর সংখ্যা দাঁড়াল ১ লাখ ৩৩ হাজার ১৩৪ জন। তাদের মধ্যে ঢাকার বাইরে রোগীর সংখ্যা ৭১ হাজার ৬৪৫ জন ও ঢাকায় ৬১ হাজার ৪৮৯ জন।
গত ২৪ ঘণ্টায় এই প্রথমবারের মতো ঢাকার বাইরে ঢাকার চেয়ে বেশি মৃত্যুর ঘটনা ঘটেছে। এ সময় আরও ১২ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ঢাকায় মারা গেছে চার জন ও ঢাকার বাইরে আটজন। অর্থাৎ ঢাকার বাইরে মৃত্যু ঢাকার চেয়ে দ্বিগুণ।
এ নিয়ে এখন পর্যন্ত এ বছর মোট মারা গেল ৬৪৬ জন। তাদের মধ্যে ঢাকায় মারা গেছে ৪৬৮ জন ও ঢাকার বাইরে ১৭৮ জন। মারা যাওয়া রোগীদের মধ্যে বেশি নারী ৩৭৬ জন ও কম পুরুষ ২৭০ জন। অথচ আক্রান্ত বেশি হয়েছে পুরুষ ৬২ শতাংশ ও নারী ৩৮ শতাংশ।
এদিকে এ মাসের চার দিনেই ডেঙ্গুতে মৃত্যু ৫০ ছাড়িয়েছে। মোট মারা গেছে ৫৩ জন। অর্থাৎ এ মাসের প্রথম চারদিনে দৈনিক গড় মৃত্যু ছিল ১৩ জন। অথচ গত আগস্টে গড় মৃত্যু ছিল ১১ জন। সে হিসেবে এ মাসে মৃত্যু বেড়েছে। এ মাসে এখন পর্যন্ত মোট আক্রান্ত হয়েছে ৯ হাজার ৩১৭ জন।
গত ১ জানুয়ারি থেকে গতকাল সোমবার পর্যন্ত ডেঙ্গু আক্রান্তদের মধ্যে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে এক লাখ ২৩ হাজার ৪১৯ জন। তাদের মধ্যে ঢাকার বাসিন্দা ৫৬ হাজার ৯৬৯ জন এবং ঢাকার বাইরের ৬৬ হাজার ৪৫০ জন।
