নবরূপে আত্মপ্রকাশের দ্বিতীয় বর্ষে পদার্পণ করল ‘দৈনিক বাংলা’। গতকাল সোমবার বিকেলে রাজধানীর গুলশানে একটি হোটেলে নতুনভাবে প্রকাশিত প্রথম বর্ষপূর্তি পালিত হয় পত্রিকাটির। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ। এ সময় দৈনিক বাংলার প্রকাশক ও কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ড. চৌধুরী নাফিজ সরাফাত, ভারপ্রাপ্ত সম্পাদক চৌধুরী জাফরউল্লাহ শারাফাত।
অনুষ্ঠানে দৈনিক বাংলাকে শুভেচ্ছা জানাতে উপস্থিত ছিলেন রূপায়ণ গ্রুপের চেয়ারম্যান লিয়াকত আলী খাঁন মুকুল, কো- চেয়ারম্যান মাহির আলী খাঁন রাতুল ও গ্রুপের উপদেষ্টা আব্দুল গাফফার। এ ছাড়া বাংলাদেশ বেসরকারি বিশ্ববিদ্যালয় অ্যাসোসিয়েশন ও ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট শেখ কবীর হোসেন উপস্থিত ছিলেন।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দৈনিক বাংলা পত্রিকা, এর সব সদস্য ও পাঠকের জন্য শুভকামনা জানান তথ্য ও সম্প্রচারমন্ত্রী। তিনি কেক কাটায় অংশ নেন এবং পত্রিকার সম্পাদক চৌধুরী জাফরউল্লাহ শারাফাতের ক্রীড়া ধারাভাষ্যকার জীবনের ৪০ বছর পূর্তি উপলক্ষে তার হাতে শুভেচ্ছা স্মারক তুলে দেন।
