সাইবার নিরাপত্তা আইন

সাংবাদিকদের প্রস্তাব বিবেচনার আশ্বাস আইনমন্ত্রীর

আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০২৩, ০২:৫৩ এএম

প্রস্তাবিত সাইবার নিরাপত্তা আইন নিয়ে সাংবাদিক নেতাদের উদ্বেগের বিষয়টি বিবেচনায় নিয়ে কার্যকর ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক। খসরায় বেশ কয়েকটি ধারা সংশোধন ও তিন দফা প্রস্তাবের বিষয়টি সংসদে চলতি অধিবেশনে আইন পাশের আগে বিবেচনা করা হবে বলে জানিয়েছেন তিনি। গতকাল জাতীয় প্রেস ক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া মিলনায়তনে বিএফইউজে (বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন) আয়োজিত ‘সাইবার নিরাপত্তা আইনবিষয়ে বিএফইউজের উপস্থাপনা’ শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন আইনমন্ত্রী।

এতে প্রস্তাবিত আইনের আটটি ধারা সংশোধনসহ তিন দফা প্রস্তাব আইনমন্ত্রীর কাছে হস্তান্তর করেন সংগঠনের সভাপতি ওমর ফারুক ও মহাসচিব দীপ আজাদ। অনুষ্ঠানে বিএফইউজের পর্যবেক্ষণ, প্রস্তাব ও সুপারিশ উপস্থাপন করেন সংগঠনের সাবেক সভাপতি মঞ্জুরুল আহসান বুলবুল। এতে প্রস্তাবিত আইনের ৮, ২১, ২৫, ২৮, ২৯, ৩১, ৩২ ও ৪২ ধারায় বিভিন্ন অসঙ্গতি, অস্পষ্টতাসহ পরোয়ানা ছাড়া তল্লাশি ও ২৫ লাখ টাকা অর্থদন্ডের অসামঞ্জস্যতা তুলে ধরেন।

আনিসুল হক বলেন, ‘এই মতবিনিময়ের ফলাফল নিয়ে আমি সংসদে যাব এবং সংশ্লিষ্ট সংসদীয় কমিটিতে এ বিষয়ে কথা বলব। এখানে যদি আরও পরিবর্তন করা হয় তাহলে সাংবাদিক ভাইবোনদের দুশ্চিন্তাটা লাঘব করা হবে।’ তিনি বলেন, ‘কেবল সাইবার অপরাধ দমনের জন্যই এই আইন প্রণয়ন করা হচ্ছে, সংবাদ মাধ্যমের স্বাধীনতা খর্ব করা সরকারের লক্ষ্য নয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার এমন কোনো আইন করবে না, যা সংবাদ মাধ্যমের স্বাধীনতা হরণ করবে।’ তিনি বলেন, ‘আমি যেটা লক্ষ্য করব সাইবার সিকিউরিটি অ্যাক্ট যেন সাংবাদিকদের বিরুদ্ধে সাংবাদিকতা করার জন্য ব্যবহার না করা হয় এটার দিকে অবশ্যই যেন খেয়াল থাকে, অবশ্যই যেন একটা চেক অ্যান্ড ব্যালেন্স থাকে সেটার ব্যবস্থা আমরা করব।’

প্রস্তাবিত সাইবার নিরাপত্তা আইনে মিথ্যা মামলা করার শাস্তির বিধান রাখা এবং নির্ধারিত সময়ে মামলা নিষ্পত্তির উদ্যোগ এবং সংশ্লিষ্ট বিষয়ে প্রেস কাউন্সিলের সঙ্গে সমন্বয় করা হবে বলে সাংবাদিক নেতাদের আশ্বাস দেন আইন বিচারমন্ত্রী। সংগঠনের সভাপতি ওমর ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বিএফইউজের সাবেক সভাপতি ইকবাল সোবহান চৌধুরী, সাবেক মহাসচিব আব্দুল জলিল ভূঁইয়া, ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সভাপতি সোহেল হায়দার চৌধুরী প্রমুখ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত