পূর্ব তিমুরের প্রেসিডেন্টের দৃষ্টিতে মিয়ানমারের জান্তা

আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০২৩, ১০:১৩ পিএম

মিয়ানমারের ক্ষমতাসীন জান্তা সরকারের ভবিষ্যৎ ভালো নয় বলে মনে করেন পূর্ব তিমুরের প্রেসিডেন্ট হোসে রামোস-হোর্তা। জান্তা যুদ্ধে হারছে মন্তব্য করে তিনি বলেছেন, দক্ষিণ-পূর্ব এশিয়ার এই দেশটির সরকার বর্তমানে দেশটির মাত্র ৩০ শতাংশ ভূখণ্ড নিয়ন্ত্রণ করে। একইসঙ্গে মিয়ানমারের সামরিক সরকারবিরোধী ছায়া সরকার বলে পরিচিত ন্যাশনাল ইউনিটি গভর্নমেন্টকেও (এনইউজি) স্বীকৃতি দিয়েছেন তিনি। এক প্রতিবেদনে এই তথ্য জানায় মিয়ানমারের সংবাদমাধ্যম ইরাবতি।

প্রতিবেদনে বলা হয়, বেসামরিক জাতীয় ঐক্য সরকারকে (এনইউজি) মিয়ানমারের সরকারি প্রশাসন হিসেবে স্বীকৃতি দেওয়ার পর পূর্ব তিমুরের প্রেসিডেন্ট হোসে রামোস-হোর্তা বলেন, মিয়ানমারের সামরিক বাহিনী এই যুদ্ধে জিতছে না। জনগণ এবং সেনাবাহিনীর মধ্যে লড়াই চলছে এবং সামরিক বাহিনী এই যুদ্ধে জিতবে না।’ 

এ ছাড়া সংবাদমাধ্যম আলজাজিরার সাম্প্রতিক এক প্রতিবেদনে বলা হয়, গত জুলাই মাসে পূর্ব তিমুরের রাজধানী দিলিতে এনইউজি-এর পররাষ্ট্রমন্ত্রী ড জিন মার অং-এর সঙ্গে বৈঠক করেন প্রেসিডেন্ট হোসে রামোস-হোর্তা। আর সেই বৈঠকের পর মিয়ানমারের জান্তা গত মাসে দেশ থেকে পূর্ব তিমুরের শীর্ষ কূটনীতিককে বহিষ্কার করে। সম্প্রতি পূর্ব তিমুর অ্যাসোসিয়েশন অব সাউথইস্ট এশিয়ান নেশনস (আসিয়ান) এ যোগ দিতে নীতিগতভাবে সম্মত হয়। যদিও ব্লকের অন্য নয়টি বিদ্যমান সদস্যের কেউই আনুষ্ঠানিকভাবে এনইউজিকে স্বীকৃতি দেয়নি। তবে পূর্ব তিমুরের প্রধানমন্ত্রী জানানা গুসমাও বলেন, দক্ষিণ-পূর্ব এশিয়ার ৯টি দেশের এই জোট যদি মিয়ানমারে চলমান সংঘাত অবসানের প্রচেষ্টা নতুন করে শুরু না করে তবে আসিয়ানে যোগদানের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করতে পারে পূর্ব তিমুর।

আল জাজিরাকে প্রেসিডেন্ট রামোস-হোর্তা বলেন, ‘মিয়ানমারের সামরিক বাহিনী তাদের নিজের দেশ, তাদের নিজস্ব জনগণ এবং আসিয়ানের বিশ্বাসযোগ্যতার যে বিশাল ক্ষতি করছে, তা (মিয়ানমারের জান্তা) এখনো অনুধাবন করতে পারছে না। পূর্ব তিমুর মিয়ানমারের সমস্যা মোকাবিলায় ব্লককে সহায়তা করার জন্য আসিয়ানের সঙ্গে কাজ করবে। 

উল্লেখ্য, মিয়ানমার ২০২১ সালের ফেব্রুয়ারি থেকে সহিংস পরিস্থিতির মধ্যে রয়েছে। সেসময় দেশটির সামরিক বাহিনী অং সান সু চির নির্বাচিত সরকারকে উৎখাত করে ক্ষমতা দখল করে। যা দেশটিকে গৃহযুদ্ধের দিকে নিয়ে গেছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত