ভারতের অন্ধ্রপ্রদেশ রাজ্যের সাবেক মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডুকে গ্রেপ্তার করা হয়েছে। দুর্নীতির অভিযোগে গতকাল শনিবার সকালে হায়দরাবাদের নান্দায়াল জেলা থেকে তাকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ। অন্ধ্রপ্রদেশের প্রধান বিরোধী দল তেলেগু দেশম পার্টির (টিডিপি) নেতা চন্দ্রবাবু নাইডু। তিন তিনবার রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি। সবশেষ ২০১৪ থেকে ২০১৯ সাল পর্যন্ত মুখ্যমন্ত্রী ছিলেন তিনি। সম্প্রতি তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ওঠে। ‘স্কিল ডেভেলপমেন্ট করপোরেশন’ নামে সরকারি প্রতিষ্ঠানের ৩৭১ কোটি রুপির তহবিল তছরুপের অভিযোগে চন্দ্রবাবু ও তার কয়েকজন সহযোগীর বিরুদ্ধে মামলা হয়। এ নিয়ে দীর্ঘদিন ধরেই টানাপড়েন চলছিল। অবশেষে শনিবার ভোরে তাকে গ্রেপ্তার করে রাজ্য পুলিশের ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট (সিআইডি)। চন্দ্রবাবুকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন অন্ধ্রপ্রদেশ সিআইডির অতিরিক্ত ডিজিপি এন সঞ্জয়া। তিনি বলেন, সরকারি তহবিল নিয়ে প্রতারণার ‘মূল অভিযুক্ত’ হিসেবে আইনের জামিন অযোগ্য ধারায় চন্দ্রবাবুকে গ্রেপ্তার করা হয়েছে। একই মামলায় তার ছেলে নারা লোকেশকেও গ্রেপ্তার করা হয়েছে।
×
