যুক্তরাজ্যে সড়কে ‘বাংলাদেশি’ পরিবারের নিহত ৩

আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২৩, ০২:২৯ এএম

যুক্তরাজ্যে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি বংশোদ্ভূত একই পরিবারের তিন সদস্য নিহত হয়েছেন। নিহত তিনজন হলেন আলমগীর হোসেন ওরফে সাজু (৩৬), তার নয় বছর বয়সী ছেলে জাকির হোসেন ও চার বছর বয়সী মেয়ে মাইরা হোসেন। একই দুর্ঘটনায় আলমগীরের স্ত্রী মারাত্মকভাবে আহত হয়েছেন। তিনি এখন হাসপাতালে চিকিৎসাধীন। তিনি পাঁচ মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। দুর্ঘটনায় তার গর্ভপাত হয়েছে। গত ৮ সেপ্টেম্বর (শুক্রবার) বিকেলে দেশটির লেস্টারশায়ারে এ দুর্ঘটনা ঘটে।

আলমগীর যুক্তরাজ্যের বার্মিংহামের ওয়ালসালের বাসিন্দা ছিলেন। দুর্ঘটনার সময় তিনি পরিবার নিয়ে একটি প্রাইভেট কারে ছিলেন। একটি মালবাহী লরির মুখোমুখি সংঘর্ষ হলে এই হতাহতের ঘটনা ঘটে। ঘটনাস্থলেই আলমগীর ও তার ছেলে জাকিরকে মৃত ঘোষণা করা হয়। মেয়ে মাইরাকে হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। আলমগীরের  বাবার নাম আবদুল কালাম। তার বাড়ি বাংলাদেশের হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলায় বলে জানা গেছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত