কমিশন পেতেই সরকার ফ্রান্স থেকে ১০ এয়ারবাস কিনছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, ‘ফ্রান্সের প্রেসিডেন্ট এসে গেলেন। আমাদের বড় মেহমান খুব ভালো কথা। কিন্তু কী হলো? দেশের মানুষ করুণ অবস্থার মধ্যে বলা হলো ১০টি এয়ারবাস কেনা হবে। আসল লক্ষ্য এই এয়ারবাসে ফিটব্যাক পাওয়া যায়। ফিটব্যাক মানে হচ্ছে কমিশন। বোয়িংয়ে কমিশন পাওয়া যায় না। যে কারণে ১০টা এয়ারবাস কেনা হচ্ছে। আর কী? স্যাটেলাইট-২। আবার প্ল্যান্ট (কমিশন পাওয়ার) তৈরি করা হবে।’
গতকাল মঙ্গলবার সকালে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ঢাকা মহানগর দক্ষিণ আয়োজিত ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক তিন দিনের লিফলেট বিতরণ অনুষ্ঠানের কর্মসূচির উদ্বোধন করে মির্জা ফখরুল এ কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, ‘দেশের মানুষের অসুখ নিরাময় করতে পারে না, হাসপাতাল তৈরি, স্বাস্থ্যসেবা দিতে পারে না, তাদের (মান্ষু) ভোটের অধিকার দিতে পারে না, সেখানে শুধু কমিশন খোঁজে। সরকার যে বিমান (বাংলাদেশ বিমান) ভেঙে পড়ছে, সার্ভিস ঠিকমতো দিতে পারে না, তাদের জন্যই ১০টি এয়ারবাস কিনে দেবে সরকার। কারণ তাতে চুরি করার সুবিধা হবে এবং তারা ইমিডিয়েটলি বোধ হয় কমিশনও কেটে নিয়েছে।’
সাবেক এই বিমান প্রতিমন্ত্রী বলেন, এই সরকার সম্পূর্ণ ব্যর্থ। ঢাকার দুই সিটি করপোরেশনে দুজন মেয়র আছেন। তারা জোর করে মেয়র নির্বাচিত হয়েছেন। এডিস মশা নিধনের নামে যে ওষুধ কিনে আনা হয়, সেখানেও চুরি করা হয়। সবকিছুর মূলে চুরি। একদিকে ডেঙ্গু তাড়াতে জনগণকে সচেতন করতে হবে, অন্যদিকে সর্বশক্তি নিয়োগ করে এই সরকারকে সরাতে হবে।
দলের মহাসচিবসহ নেতারা ফুটপাতের পথচারীসহ যানবাহনচালক ও যাত্রীদের মধ্যে লিফলেট বিতরণ করেন। এ সময় দলের কেন্দ্রীয় নেতা আবদুস সালাম, ফরহাদ হালিম ডোনার, রফিকুল ইসলাম, রফিকুল ইসলাম বাচ্চু, তাবিথ আউয়াল, ইশরাক হোসেন, সিলেটের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী উপস্থিত ছিলেন।
এদিকে গতকাল দুপুরে রাজধানীর শাহবাগে বিএসএমএমইউ হাসপাতালের সামনের সড়কে ও আশপাশের দোকানে সাধারণ মানুষের মাঝে লিফলেট বিতরণকালে ভাইস চেয়ারম্যান বরকত উল্লা বুলু বলেন, আজ ভেজাল ওষুধ আমদানির মাধ্যমে জনগণের কোটি কোটি টাকা লুটপাট করায় ডেঙ্গু বাড়ছে। সারা দেশে প্রতিদিনই মানুষ মারা যাচ্ছে। ডেঙ্গু প্রতিরোধে ব্যর্থতার জন্য সিটি করপোরেশনের মেয়র, সরকার ও মন্ত্রিপরিষদের পদত্যাগ করা উচিত।
সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, ‘বর্তমান সরকার বহু কথা বলছে। কিন্তু মানুষের বাঁচার জন্য কিছু করছে না। তারা ফ্লাইওভার দেখাচ্ছে। কিন্তু জনগণের পকেট থেকে লক্ষ কোটি টাকা লোপাট করছে।’ এ সময় দলের কেন্দ্রীয় নেতা মীর সরাফত আলী সপু, আমিনুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
বিকেলে ঢাকা উত্তরে মিরপুর জোনে মুক্তিযোদ্ধা সুপার মার্কেটের কাছে দলের স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী লিফলেট বিতরণ করেন।
