ডেমরায় বাড়িতে পুলিশের অভিযান, গুলিবিদ্ধ যুবক

আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২৩, ০২:১৮ এএম

রাজধানীর ডেমরা পুলিশের গুলিতে এক যুবক আহত হয়েছেন। আহত মিনহাজুন আবেদন ফাহিম (২৭) ডাকাত দলের সদস্য বলে দাবি করছে পুলিশ। গতকাল শনিবার ভোর ৪টার দিকে ডেমরার স্টাফ কোয়ার্টার দেল্লা বামৈল এলাকায় এ ঘটনা ঘটে। পরে চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায় পুলিশ সদস্যরা। আহত ফাহিমের স্ত্রী বৃষ্টি আক্তার সিমা জানান, তারা দেল্লা বামৈল মাতবার বাড়ি রোডে নিজেদের বাড়িতে থাকেন।

ফাহিম বর্তমানে বেকার, দেশের বাইরে যাওয়ার চেষ্টা করছেন। ভোরে তাদের বাসায় বেশ কয়েকজন মানুষ আসে। তারা নিজেদের পরিচয় না দিয়ে বাড়ির গেট ধাক্কাতে থাকে এবং ডাকাডাকি শুরু করে। তখন ভয়ে ফাহিম ও তার ছোট ভাই নাইম (২৩) ঘর থেকে বের হয়ে ছুটোছুটি শুরু করলে সাদা পোশাকে থাকা পুলিশ গুলি করে।

এতে ফাহিমের ডান পায়ে গুলিবিদ্ধ হয়। তখন ফাহিমের ছোট ভাই নাইমকেও আটক করে নিয়ে যায় পুলিশ সদস্যরা। এ বিষয়ে আড়াইহাজার থানার ওসি ইমদাদুল ইসলাম তৈয়ব বলেন, গতরাতে (শুক্রবার রাত) আড়াইহাজার শ্রীবর্দী এলাকায় একটি ডাকাতির ঘটনা ঘটে। সেই ঘটনায় জড়িত ডাকাত সদস্যদের ধরতে ডেমরায় অভিযান চালানো হয়। তখন প্রথমে পুলিশের ওপর আক্রমণ করা হয়। এ সময় গুলির ঘটনা ঘটে। এতে এক ডাকাত সদস্য আহত হয়েছে। ওসি জানান, এ ঘটনায় পুলিশের চার সদস্য আহত হয়ে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। পরবর্তীসময়ে বিস্তারিত জানানো হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত