নাইকো দুর্নীতি মামলায় বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াসহ অপর আসামিদের বিরুদ্ধে তিনজন বিদেশি সাক্ষীর সাক্ষ্যদানে অনুমতি দিয়েছে আদালত। গতকাল রবিবার ঢাকার বিশেষ জজ আদালত ৯ এর বিচারক শেখ হাফিজুর রহমান রাষ্ট্রপক্ষের আবেদন মঞ্জুর করে এ আদেশ দেন।
যে তিনজনকে অনুমতি দেওয়া হয়েছে তারা হলেন যুক্তরাষ্ট্রের ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশনের (এফবিআই) অবসরপ্রাপ্ত সুপারভাইসরি স্পেশাল এজেন্ট ডেব্রা ল্যাপ্রেভোট গ্রিফিথ, রয়েল কানাডিয়ান মাউন্টেড পুলিশের কেবিন দুগ্গান ও লয়েড শোয়েপ।
কেরানীগঞ্জে অবস্থিত ঢাকা কেন্দ্রীয় কারাগারে স্থাপিত অস্থায়ী আদালতে নাইকো দুর্নীতি মামলার সাক্ষ্যগ্রহণ চলছে।
গত ১২ সেপ্টেম্বর এ তিনজনকে সাক্ষী হিসেবে আনতে আবেদন করেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন। গতকাল এ বিষয়ে যুক্তি তুলে ধরেন তিনি। খালেদা জিয়ার পক্ষে আইনজীবী আমিনুল ইসলাম বিদেশি সাক্ষীর বিরোধিতা করে বলেন, অ্যাটর্নি জেনারেল দেশের সব মামলায় শুনানিতে উপস্থিত থাকতে পারলেও আবেদন করার এখতিয়ার তার নেই। উভয় পক্ষের শুনানি শেষে তিন সাক্ষীকে সাক্ষ্য দেওয়ার অনুমতি চেয়ে করা আবেদন মঞ্জুর করে আদালত।
এদিন আসামিপক্ষের আইনজীবীদের আবেদনের পরিপ্রেক্ষিতে মামলার বাদী দুদকের সহকারী পরিচালক মাহবুবুল আলমকে জেরার জন্য আগামী ১০ অক্টেবার দিন ধার্য করেছে আদালত।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) পক্ষে ছিলেন আইনজীবী মো. খুরশীদ আলম খান ও মোশাররফ হোসেন কাজল।
অ্যাডভোকেট খুরশীদ দেশ রূপান্তরকে বলেন, ‘নাইকো মামলার তদন্ত সংশ্লিষ্ট কাজে এ তিনজন বিদেশি নাগরিক ছিলেন। তাদের সাক্ষ্য দেওয়ার বিষয়টি আদালত মঞ্জুর করেছে। এখন নিয়ম অনুযায়ী তাদের অনুরোধ করে সমন ইস্যু হবে।’
