ময়মনসিংহের ধোবাউড়ায় একই পরিবারের তিন কৃষক হত্যা মামলায় মৃত্যুদন্ডপ্রাপ্ত পলাতক আসামি মো. এরশাদ আলীকে (৪৫) ১১ বছর পর গ্রেপ্তার করেছে র্যাব। গত রবিবার রাত সোয়া ১২টার দিকে নেত্রকোনা জেলার দুর্গাপুরের বারইপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গতকাল দুপুরে র্যাব-১৪-এর সিপিএসসি ময়মনসিংহের কোম্পানি অধিনায়ক মেজর আখের মুহম্মদ জয় এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান।
র্যাব জানায়, ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার চোরের ভিটা গ্রামের হরিদাস সূত্রধর (৩৮), বিমল সূত্রধর (২৫) ও নিরঞ্জন সূত্রধরের (৪০) সঙ্গে জমিজমা নিয়ে আসামি এরশাদ আলীর বিরোধ ছিল। এর জেরে ২০০৬ সালের ২২ জানুয়ারি এরশাদ আলী ও তার আত্মীয়স্বজন মিলে নিহতদের বাড়িতে ঢুকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে। হরিদাস ও বিমল ঘটনাস্থলেই মারা যান এবং আহত নিরঞ্জন ২৮ জানুয়ারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এ ঘটনায় নিহতদের ভাই শ্যামল সূত্রধর ধোবাউড়া থানায় একটি হত্যা মামলা করেন। ২০১২ সালের ১৪ অক্টোবর আদালত মামলার রায় দেয়। রায় ঘোষণার পর থেকে মৃত্যুদ-প্রাপ্ত প্রধান আসামি এরশাদ আলী পলাতক ছিল।
