প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেছেন, জাতীয় সংসদ নির্বাচন কেন্দ্র করে ভোটের মাঠের পরিবেশ পর্যবেক্ষণ করা হচ্ছে। কারও আচরণ যদি পক্ষপাতমূলক হয় তাহলে কমিশন অবশ্যই ব্যবস্থা নেবে।
গতকাল সোমবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
সিইসি বলেন, নির্বাচনের তফসিল ঘোষণার আগেও যদি নির্বাচন-সংশ্লিষ্ট কর্মকর্তারা বিতর্কিত আচরণ করেন, তাদের বিরুদ্ধে ইসি ব্যবস্থা নিতে পারে। এ সুযোগ ইসির আছে। তিনি বলেন, ‘নির্বাচনের সময় কারও আচরণ যদি পক্ষপাতমূলক হয় তাহলে কমিশন অবশ্যই ব্যবস্থা নেবে। এটা জনগণের আস্থার স্বার্থে, নির্বাচনের স্বার্থে। ভোটের পরিবেশ পর্যবেক্ষণ করছি আমরা।’
এক প্রশ্নের জবাবে সিইসি বলেন, ‘আমরা চাই জেলা প্রশাসকরা নিরপেক্ষ আচরণ করুক। প্রধানমন্ত্রীসহ অন্য যারা ভোট চাচ্ছেন তারা ভোট চাইতে পারেন কি না তা নিয়ে এখনই কোনো মন্তব্য করব না। কারণ বিষয়টি কেউ নজরে আনেনি। তফসিল ঘোষণার পর কেউ আচরণবিধি লঙ্ঘন করছে কি না আমরা তখন দেখব।’
