রেকর্ড সংখ্যক প্রেক্ষাগৃহে ‘অন্তর্জাল’

আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২৩, ১১:৫৯ পিএম

মুক্তির অপেক্ষায় থাকা ‘অন্তর্জাল’ চলচ্চিত্র এরই মধ্যে গড়তে যাচ্ছে নতুন রেকর্ড। আগামী ২২ সেপ্টেম্বর দেশ ও দেশের বাইরে একইসঙ্গে মুক্তি পেতে যাচ্ছে দেশের প্রথম সাইবার ক্রাইম অ্যাকশন থ্রিলার ঘরানার এ সিনেমাটি। কানাডা ও যুক্তরাষ্ট্রের ১৫০টি বিখ্যাত থিয়েটারে প্রদর্শিত হবে ‘অন্তর্জাল’। যুক্তরাষ্ট্রে বাংলাদেশের সিনেমার ইতিহাসের এটিই সর্ববৃহৎ থিয়েট্রিক্যাল রিলিজের রেকর্ড।

যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক, ক্যালিফোর্নিয়া, ওয়াশিংটন, নিউ জার্সি, পেনসিলভানিয়া, মেরিল্যান্ড, ভার্জিনিয়া, কানেকটিকাট, ম্যাসাচুসেটস, নিউ হ্যাম্পশায়ার, মিশিগান, ওহাইও, কেনটাকি, ইন্ডিয়ানা, ইলিনয়, কানসাস, আইওয়া, উইসকনসিন, টেনেসি, নর্থ ক্যারোলিনা, সাউথ ক্যারোলিনা, জর্জিয়া, ফ্লোরিডা, অ্যালাবামা, ল্ইুজিয়ানা, টেক্সাস, ডেলাওয়্যার, ওকলাহোমা, কলোরাডো, অ্যারিজোনা, নেভাডা ও ওরিগন অঙ্গরাজ্যের ১৪৩টি ও কানাডার অন্টারিও, অ্যালবার্টা, ব্রিটিশ কলাম্বিয়া ও মানিটোবা প্রভিন্সের ৭টি থিয়েটারে ২২ সেপ্টেম্বর একযোগে মুক্তি পাচ্ছে ‘অন্তর্জাল’। উত্তর আমেরিকায় সিনেমাটির পরিবেশনার দায়িত্বে থাকা প্রতিষ্ঠান স্বপ্ন স্কেয়ারক্রো এর পক্ষ থেকে থিয়েটারের লিস্টসহ এই তথ্য নিশ্চিত করেছে।

‘অন্তর্জাল’ সিনেমাটি নির্মাণ করেছেন ‘ঢাকা অ্যাটাক’ ও ‘অপারেশন সুন্দরবন’ খ্যাত পরিচালক দীপংকর দীপন। সাইবার প্রযুক্তি ভিত্তিক এ সিনেমায় বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন সিয়াম আহমেদ, বিদ্যা সিনহা মিম, সুনেরাহ বিনতে কামাল, এবিএম সুমন, মাশরুর ইনান, অমিত সিনহা প্রমুখ। উল্লেখ্য, অন্তর্জাল সিনেমার গল্প একেবারেই মৌলিক ও বাংলাদেশের প্রেক্ষিতে সম্পূর্ণ নতুন গল্প। প্রযুক্তিতে এগিয়ে যাওয়া স্মার্ট তরুণদের জীবনের সঙ্গে প্রেম-ভালোবাসা, বন্ধুত্ব আর আত্মবিশ্বাসের বুননে কৃত্রিম বুদ্ধিমত্তা, সাইবার জগত আর প্রযুক্তির সিনেমা ‘অন্তর্জাল’ এর প্লট গবেষণা করেছেন ও গল্প লিখেছেন আশা জাহিদ ও সাইফুল্লাহ রিয়াদ। চিত্রনাট্য লিখেছেন পরিচালক নিজেই, সংলাপ লিখেছেন সাইফুল্লাহ রিয়াদ। সরকারের আইসিটি ডিভিশনের অনুপ্রেরণায় নির্মিত এই সিনেমার প্রযোজনা প্রতিষ্ঠান মোশন পিপল স্টুডিওজ ও স্পেলবাউন্ড লিও বার্নেট। দেশে সিনেমাটি পরিবেশনা করছে দি অভি কথাচিত্র। কানাডা ও আমেরিকায় পরিবেশনা করছে স্বপ্ন স্কেয়ারক্রো।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত