সাবেক ডেপুটি স্পিকার মুক্তিযোদ্ধা কর্নেল (অব.) শওকত আলী ও তার পরিবারের বিরুদ্ধে মিথ্যাচার এবং অশালীন বক্তব্যের নিন্দা জানিয়ে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে শরীয়তপুরের নড়িয়া পৌরসভার সামনের সড়কে উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের ব্যানারে এ কর্মসূচি হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, নড়িয়া উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক হাসানুজ্জামান খোকন শওকত পরিবারের বিরুদ্ধে মিথ্যাচার রটাচ্ছেন। আগামী তিন দিনের মধ্যে শওকত আলীর পরিবারের কাছে ক্ষমা চাইতে হবে খোকনের। না হলে আগামীতে কঠিন কর্মসূচি দেওয়া হবে।
গত ১৬ সেপ্টেম্বর ডিঙ্গামানিক ইউনিয়ন আওয়ামী লীগের সভায় হাসানুজ্জামান খোকন বলেন, ‘বাংলাদেশে আমরা আগে জানতাম মায়ে-পুতে মিল্লা দেশ হালাইছে গিল্লা। এখন দেখি নড়িয়াতে আরেক মা-পুত সৃষ্টি হয়েছে। আমাদের রক্ত শোষণ করার জন্য নড়িয়া উন্নয়ন সংস্থা (নুসা) নামক এনজিও নিয়ে গলাকাটা ব্যবসা শুরু করছে। আর আওয়ামী লীগকে বিভক্ত করার জন্য তৃণমূল আর বিএনপিকে নিয়ে সভা করে।’
