নিউজিল্যান্ডের দক্ষিণ দ্বীপে ৬.২ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এক মিনিটেরও বেশি সময় ধরে ভূমিকম্পটি অনুভূত হয় বলে জানা যায়। তবে প্রাথমিকভাবে কোন হতাহত বা ক্ষয়ক্ষতি পাওয়া যায়নি বলে দেশটির ওয়েবসাইট জিওনেটে উল্লেখ করা হয়েছে।
ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল কেন্টাবারির অ্যাসবার্টন লেক অঞ্চলে। বুধবার আন্তর্জাতিক গণমাধ্যম ডেইলি মেইল এ তথ্য জানায়।
স্থানীয় সময় বুধবার সকাল ৯.১৪ মিনিটে এ ভূমিকম্প ঘটে। নিউজিল্যান্ড সরকারের জিওনেট ওয়েবসাইটের তথ্যমতে, ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল ক্রাইস্টচার্চ থেকে ১২৪ কিলোমিটার পশ্চিমে ১১ কিলোমিটার গভীরে।
জিওনেট ওয়েবসাইটে বলা হয়, প্রায় ১৫ হাজার মানুষ ভূমিকম্প অনুভব করেছেন। এমনকি উত্তর দ্বীপের অকল্যান্ড পর্যন্ত কম্পন অনুভূত হয়েছে।
তবে নিউজিল্যান্ডে জাতীয় জরুরি সেবা কর্তৃপক্ষ জানিয়েছে, এই ভূমিকম্পে সুনামির কোনো সম্ভাবনা নেই। এ নিয়ে সতর্কতাও জারি হয়নি।
ভূমিকম্পের কেন্দ্রস্থলের কাছে টিমারুর ডেপুটি মেয়র স্কট শ্যানন রেডিও এনজেডকে বলেন, তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি তবে পরীক্ষা চলছে।
এর আগে ২০১১ সালে ক্রাইস্টচার্চের দক্ষিণ দ্বীপের শহরটিতে ৬.৩ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছিলো। সে সময় ১৮৫ জন মারা গিয়েছিল এবং শহরটি বড় ধরনের ক্ষয়ক্ষতির শিকার হয়েছিল।
সাধারণত প্রশান্ত মহাসাগরীয় রিং অফ ফায়ারের উপর অবস্থিত দেশ নিউজিল্যান্ড। যেখানে প্রায়ই টেকটোনিক প্লেটগুলির সংঘর্ষ হয় এবং ঘন ঘন ভূমিকম্প এবং আগ্নেয়গিরির ঘটনা ঘটে।
