মাদাম তুসোয় আল্লু অর্জুনের মূর্তি

আপডেট : ২০ সেপ্টেম্বর ২০২৩, ০৭:৫১ পিএম

প্রথম দক্ষিণী তারকা হিসেবে ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন আল্লু অর্জুন। ‘পুষ্পা: দ্য রাইজ’ সিনেমার জন্য শ্রেষ্ঠ অভিনেতার এ সম্মাননা পান তিনি। এবার আরও একটি বড় অর্জন যুক্ত হচ্ছে আল্লুর ঝুলিতে।

বিখ্যাত মাদাম তুসো জাদুঘরে বসতে চলেছে অভিনেতার মূর্তি। এমনটাই জানাচ্ছে ভারতীয় গণমাধ্যমগুলো। এর মাধ্যমে দক্ষিণ ভারতের তৃতীয় তারকা হিসেবে এই বিরল সম্মান পাচ্ছেন ‘সারাইনুডু’ খ্যাত এ তারকা। এর আগে প্রভাস ও মহেশ বাবুর মূর্তি তৈরি করা হয়েছে জাদুঘরটিতে।

মাদাম তুসো জাদুঘরের অনেকগুলো শাখা রয়েছে। এগুলোতে বিখ্যাত তারকা ও ব্যক্তিদের মোমের মূর্তি তৈরি করে সংরক্ষণ করা হয়েছে। এর মধ্যে আল্লু অর্জুনের মূর্তিটি বানানো হচ্ছে লন্ডন শাখায়। যেখানে আগে থেকেই রয়েছে বলিউড মেগাস্টার অমিতাভ বচ্চন, শাহরুখ খান, ঐশ্বরিয়া রাই বচ্চনসহ আরও অনেক তারকার মূর্তি।

মুক্তির অপেক্ষায় রয়েছে আল্লু অর্জুনের ‘পুষ্পা: দ্য রুল’ সিনেমাটি। সুকুমার পরিচালিত এই ছবি মুক্তি পাবে আগামী বছরের আগস্টে। এতে আল্লুর সঙ্গে রয়েছে রাশমিকা মান্দানা, ফাহাদ ফাসিল, প্রকাশ রাজ, সুনীল প্রমুখ।

সূত্র: পিঙ্কভিলা

×
সর্বশেষ সর্বাধিক পঠিত