গাজীপুরের শ্রীপুরে পরীক্ষা শেষে হল থেকে বের হওয়া মাত্র এক দল কিশোর এক কলেজছাত্রকে জোর করে কলেজের সামনে থেকে ফিল্মি স্টাইলে মোটরসাইকেলে তুলে নিয়ে বেদম মারধর করেছে। গতকাল বুধবার দুপুরে বীর মুক্তিযোদ্ধা রহমত আলী সরকারি কলেজের সামনে এ ঘটনা ঘটে।
চারটি মোটরসাইকেলে আসা একদল তরুণ জোর খাটিয়ে তুলে নিচ্ছে কলেজছাত্রকে এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এতে দেখা যায়, কজন যুবক বৃষ্টিতে ভিজে একজনকে মোটরসাইকেলে জোর করে তুলে নিয়ে যাচ্ছে। পরে তাকে বনের ভেতরে নিয়ে মারধর করে। আহত অবস্থায় তাকে উদ্ধার করা হয়। এ ঘটনায় আহত ছাত্র থানায় অভিযোগ দিয়েছে। জোর করে তুলে নেওয়ার ভিডিও ভাইরালের পর অভিযুক্তরা পালিয়ে আছে।
মারধরের শিকার কলেজছাত্রের নাম সাব্বির রহমান (১৮)। তিনি রহমত আলী সরকারি করেজের প্রথম বর্ষের ছাত্র। সাব্বির রহমান বেড়াইদেরচালা গ্রামের আবদুস সালামের ছেলে। অভিযুক্তরা হলো তুহিন আহম্মেদ, অনিক মিয়া, হৃদয় হাসান, রনি আহম্মেদসহ ৫-৬ জন।
আহত কলেজছাত্র সাব্বির রহমান জানান, গত ১৭ সেপ্টেম্বর বেড়াইদেরচালা গ্রামে একটি ফুটবল ম্যাচের আয়োজন করা হয়। পরে খেলা নিয়ে অনিকসহ তাদের সঙ্গে দ্বন্দ্ব তৈরি হয়। এ নিয়ে বাগবিতণ্ডা হলে তাদের সঙ্গে মারামারি বাধে। পরে সেখানেই সেটি মীমাংসা হয়ে যায়। কিন্তু আজ (গতকাল বুধবার) দুপুর সাড়ে ১২টার দিকে ইয়ার চেঞ্জ (বর্ষ পরিবর্তন) পরীক্ষা শেষ করে কলেজের প্রধান গেটের সামনে আসতেই চারটি মোটরসাইকেলে করে আসা ছেলেরা তাকে মারধর করে জোর করে মোটরসাইকেলে তুলে জঙ্গলে নিয়ে আবার পেটায়। এরপর আবার সড়কে ফেলে চলে যায়।
এ ঘটনায় অভিযুক্তদের মধ্যে অনিকের মোবাইল ফোনে কল দিলে সেটি বন্ধ পাওয়া যায়। অভিযুক্ত অন্যদের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।
