ভারতীয় সংসদে সংরক্ষিত নারী আসনের ঐতিহাসিক বিল পাস

আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২৩, ১২:৪৬ এএম

বিশ্বের বৃহৎ গণতান্ত্রিক দেশ ভারত। কিন্তু নারী আইনপ্রণেতাদের সংখ্যায় এখনো বেশ পিছিয়ে দেশটি। এমনিতেই ভারতের রাজনীতিতে পুরুষের চেয়ে নারীদের অংশগ্রহণ অনেক কম। অথচ দেশটির জনসংখ্যার প্রায় অর্ধেক নারী। কিন্তু সংসদে মাত্র ১৫ শতাংশ এবং রাজ্য বিধানসভাগুলোয় মাত্র ১০ শতাংশ আসনে নারী আইনপ্রণেতা আছেন। দীর্ঘদিন ধরে কয়েকটি সরকার সংসদে এই বৈষম্য কমিয়ে আনতে চেয়েও সফল হয়নি। তবে এবার নারী আসন বিষয়ে এক ঐতিহাসিক বিল পাস করতে পারল বিজেপি নেতৃত্বধীন জোট সরকার। এমনকি সরকারের বিরোধী পক্ষ হয়েও এ বিলে পূর্ণ সমর্থন জানায় কংগ্রেস। সরকার ও বিরোধীদের সমর্থন পেয়ে ভারতের লোকসভায় নারী আসন সংরক্ষণ বিল পাস হয়েছে। বিলটি পাস হওয়ায় এখন থেকে সংসদের নিম্নকক্ষ লোকসভা এবং বিভিন্ন রাজ্যের বিধানসভায় ৩৩ শতাংশ আসন নারীদের জন্য সংরক্ষিত থাকবে।

এনডিটিভি এক প্রতিবেদনে জানিয়েছে, বুধবার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যায় বিলটি পাস হয়। বিজেপি সরকারের আনা বিলটি সমর্থন করেছেন ৪৫৪ জন সংসদ সদস্য। অন্যদিকে বিলে সংশোধন চেয়ে বিরুদ্ধে ভোট দিয়েছেন মাত্র দুজন। ১৯৯৬ সালে লোকসভায় প্রথমবার নারী আসন সংরক্ষণ বিল পাসের চেষ্টা করেছিল এইচ ডি দেবগৌড়া সরকার। কিন্তু তা সফল হয়নি। এর প্রায় ২৭ বছর পর এ সংক্রান্ত বিলটি পাস হলো। গত মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) সংসদের বিশেষ অধিবেশন চলাকালীন ‘নারী শক্তি বন্দন অধিনিয়াম’ বিল পেশ করা হয়। বিশেষ অধিবেশনের দ্বিতীয় দিনে কেন্দ্রীয় আইনমন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল নতুন সংসদ ভবনের লোকসভা অধিবেশনে বিলটি পেশ করেছিলেন।

এদিন অধিবেশনের শুরুতেই নারী সংরক্ষণ বিল নিয়ে বিতর্কের শুরু হয় কংগ্রেস সংসদ সদস্য তথা প্রাক্তন কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীর মাধ্যমে। এই বিল নিয়ে খানিক স্মৃতিকাতর হয়ে পড়েন তিনি। আগেই ঘোষণা করা হয়েছিল, কংগ্রেস এই বিষয়ে পূর্ণ সমর্থন করবে, সেই মতই বক্তব্য রাখেন তিনি। সোনিয়া বলেন, এই বিষয়ে তার পূর্ণ সমর্থন রয়েছে। অর্থাৎ মোদি সরকারের আনা বিলকে সমর্থন তিনি করেন। পাশাপাশি তিনি আরও বলেন, এটি যেন এখনই কার্যকর করা হয়।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত