শেখ হেলাল বললেন

মুক্তিযোদ্ধা হুমায়ুন কবির ছিলেন বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক

আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২৩, ০৬:০৫ এএম

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভ্রাতুষ্পুত্র ও বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য শেখ হেলাল উদ্দীন বলেছেন, বীর মুক্তিযোদ্ধা এসএম হুমায়ুন কবির ছিলেন জাতির পিতার আদর্শের একজন সৈনিক। তিনি দীর্ঘদিন কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। জীবনে অনেক বাধা উপেক্ষা করে এই দলের সঙ্গে যুক্ত থেকেছেন। তার অকালমৃত্যুতে কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগের অপূরণীয় ক্ষতি হয়েছে।

গতকাল বৃহস্পতিবার গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার গচাপাড়া গ্রামে বীর মুক্তিযোদ্ধা এসএম হুমায়ুন কবিরের কবর জিয়ারত শেষে তার পরিবারের সদস্যদের সান্ত্বনা দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।

এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিজ নির্বাচনী এলাকার দায়িত্বপ্রাপ্ত প্রতিনিধি ও সাবেক সিনিয়র সচিব মো. শহীদ উল্লা খন্দকারসহ জেলা-উপজেলা আওয়ামী লীগের সিনিয়র নেতারা তার উপস্থিত ছিলেন।

এখান থেকে ফিরে শেখ হেলাল উদ্দীন কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে যুবলীগের প্রাথমিক সদস্য সংগ্রহ ও সদস্য নবায়ন কার্যক্রমের উদ্বোধন করেন।

কোটালীপাড়া উপজেলা যুবলীগ সভাপতি ফজলুর রহমান দিপুর সভাপতিত্বে অনুষ্ঠিত যুবলীগের প্রাথমিক সদস্য সংগ্রহ ও সদস্য নবায়ন কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিজ নির্বাচনী এলাকার দায়িত্বপ্রাপ্ত প্রতিনিধি ও সাবেক সিনিয়র সচিব মো. শহীদ উল্লা খন্দকার, জেলা আওয়ামী লীগ সভাপতি মাহাবুব আলী খান, কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগ সভাপতি ভবেন্দ্রনাথ বিশ^াস, সাধারণ সম্পাদক আয়নাল হোসেন শেখ ও উপজেলা যুবলীগ সাধারণ সম্পাদক বাবুল হাজরা বক্তব্য রাখেন।

যুবলীগের প্রাথমিক সদস্য সংগ্রহ ও সদস্য নবায়ন কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগ নেতাকর্মীদের উদ্দেশে শেখ হেলাল উদ্দীন বলেন, ‘ইনশা আল্লাহ আপনাদের ভোটে আগামীতেও আওয়ামী লীগ সভাপতি জননেত্রী শেখ হাসিনা এমপি নির্বাচিত হয়ে এ দেশের প্রধানমন্ত্রী হবেন। এজন্য আপনাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।’

বিশেষ অতিথির বক্তব্যে মো. শহীদ উল্লা খন্দকার বলেন, ‘৭১ সালের মহান মুক্তিযুদ্ধে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মতো একজন যোগ্য নেতা আমরা পেয়েছিলাম বলেই এ দেশ স্বাধীন হয়েছিল। আর তার সুযোগ্য কন্যা শেখ হাসিনার মতো একজন যোগ্য নেতৃত্ব আমরা পেয়েছি বলেই আজ সারা বিশে^ বাংলাদেশ উন্নয়নের রোল মডেল।’

এরপর শেখ হেলাল উদ্দীন এমপি টুঙ্গিপাড়া উপজেলার পুবের বিলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিজ নির্বাচনী এলাকার দায়িত্বপ্রাপ্ত প্রতিনিধি মো. শহীদ উল্লা খন্দকারের প্রচেষ্টায় বাস্তবায়িত কৃষি অধিদপ্তরের বিভিন্ন কার্যক্রমের উদ্বোধন করেন।

এ সময় গোপালগঞ্জ জেলা ও টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

মো. শহীদ উল্লা খন্দকার বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে টুঙ্গিপাড়া উপজেলার পুবের বিলে অনাবাদি জমি এখানকার কৃষকরা আবাদের আওতায় নিয়ে এসেছেন। এই বিলে যে কৃষকরা কাজ করছেন তাদের বিশ্রামের জন্য এখানে একটি শেড নির্মাণের কাজ শুরু হয়েছে। এই শেডের নির্মাণকাজ শেষ হলে এখানে বসে কৃষকরা খাবার খেতে পারবেন। ঝড়-বৃষ্টি এলে এখানে এসে আশ্রয় নেবেন। এসব কৃষকের জন্য এখানে একটি বাথরুম নির্মাণ করা হচ্ছে। সুপেয় পানির ব্যবস্থা করা হয়েছে। এখানে যে রাস্তাটি নির্মাণ করা হয়েছে তার দুপাশ দিয়ে বজ্র প্রতিরোধে তালের বীজ রোপণ করা হয়েছে। সব মিলিয়ে এই বিলে একটি আধুনিক কৃষিব্যবস্থা চালু করা হচ্ছে। এটি কৃষি ক্ষেত্রে আমাদের একটি মডেল। এরপর আমরা সারা দেশে এ ধরনের প্রকল্প গ্রহণের চেষ্টা করব।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত