বাংলাদেশের পরিবেশ ব্যবসাবান্ধব হওয়ায় এখানে বিনিয়োগের বিশাল সম্ভাবনা তৈরির পাশাপাশি কর্মসংস্থানেরও সুযোগ বাড়ছে। ফলে চাইনিজ কমিউনিটির সংখ্যাও এখানে দিন দিন বৃদ্ধি পাচ্ছে। ভবিষ্যতে বাংলাদেশের বিভিন্ন খাতে চীনের বিনিয়োগ আরও বাড়বে বলে আশা করছেন চীনা ব্যবসায়ীরা।
শুক্রবার সন্ধায় ঢাকার একটি হোটেলে ‘মধ্য শরৎ উৎসব এবং জাতীয় দিবস উদযাপন’ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন। এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।
বাংলাদেশে কর্মরত চীনা নাগরিকদের সংগঠন ওভারসিস চাইনিজ অ্যাসোসিয়েশন ইন বাংলাদেশ ওই অনুষ্ঠানের আয়োজন করে। বাংলাদেশে চীনের বিনিয়োগ বৃদ্ধির পাশাপাশি চীন ও এ দেশের মানুষের মধ্যকার সম্পর্ক উন্নয়নের লক্ষ্যে ৭ বছর আগে সংগঠনটির যাত্রা শুরু হয়।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন চাইনিজ পিপলস পলিটিক্যাল কনস্যুলেটিভ কনফারেন্সের জাতীয় কমিটির সদস্য পলিন নাগান, বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক (ইন্টারন্যাশনাল ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট উইং) সৈয়দ মুনতাসির মামুন, ওভারসিস চাইনিজ অ্যাসোসিয়েশন ইন বাংলাদেশ-এর প্রেসিডেন্ট ক্যালভিন এনগান প্রমুখ।
