বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে মুক্তি দিয়ে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর আলটিমেটাম দিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, খালেদা জিয়া এত অসুস্থ যে, এখন তার চিকিৎসকরা বলছেন, বাংলাদেশে তার চিকিৎসা সম্ভব নয়। বিদেশে পাঠাতে না পারলে তাকে বাঁচানো দুস্কর হয়ে যাবে। আমি চিকিৎসকদের সঙ্গে কথা বলতে গেলে তারা বলেছেন, আপনাদের যদি কিছু করার থাকে তাহলে করেন। দেশনেত্রীর শারীরিক অবস্থা ভালো নয়। পরিষ্কার করে বলতে চাই, বেগম জিয়ার কিছু হলে সব দায়দায়িত্ব আপনাদের নিতে হবে।
গতকাল রবিবার বিকেলে নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে খালেদা জিয়ার মুক্তি ও উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর দাবিতে আয়োজিত সমাবেশে মির্জা ফখরুল এ আলটিমেটাম দেন। ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি আয়োজিত সমাবেশস্থলে দুপুরের আগ থেকেই নেতাকর্মীরা আসতে থাকেন। খালেদা জিয়ার ছবিসহ ব্যানার, পোস্টার ও প্ল্যাকার্ড নিয়ে সেøাগানে সেøাগানে মুখরিত সমাবেশ একসময় নেতাকর্মী-সমর্থকদের পদচারণায় লোকারণ্য হয়ে যায়।
মির্জা ফখরুল বলেন, ক্ষমতা দখলকারী সরকারকে স্পষ্ট করে বলতে চাই, খালেদা জিয়ার ক্ষতি হলে তাতে নেত্রীর ক্ষতি হবে না, তার পরিবারের ক্ষতি হবে না, ক্ষতি হবে বাংলাদেশের। এই এশিয়া উপমহাদেশে যে কজন নেতা-নেত্রী গণতন্ত্রের জন্য সংগ্রাম করছেন, তাদের মধ্যে আমাদের নেত্রী আছেন সে কথা কয়েক দিন আগে জার্মান চার্জ দ্য অ্যাফেয়ার্স বলে গেছেন। বেগম জিয়ার স্বাস্থ্য নিয়ে খুব উদ্বিগ্ন প্রকাশ করে তিনি বলেছেন, আমরা তাকে অন্যভাবে দেখি। এই হচ্ছে পাশ্চাত্যের ধারণা।
মির্জা ফখরুল বলেন, শুধু আমেরিকা নয়, দেশের জনগণও আপনাদের স্যাংশন দিচ্ছে, তাই তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিন। আজকে গায়ের মধ্যে আগুন লেগেছে। বাইডেনের সঙ্গে সপরিবারে ছবি তুলে খুব দেখিয়েছিল। বলেছিলেন, আর আমেরিকা যাবেন না, অথচ তিনি আমেরিকা থাকা অবস্থায় ভিসানীতি কার্যকর করা হলো। ভিসানীতি বাংলাদেশের মতো একটা স্বাধীন সার্বভৌম দেশের জন্য অপমানজনক। আওয়ামী লীগের জন্য তাও আমাদের দেখতে হলো। কিছু কিছু পুলিশ কর্মকর্তা একটা বেআইনি সরকারকে প্রতিষ্ঠিত করার জন্য দমনপীড়ন করছে।
বিদেশে যেতে হলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করতে হবে আইনমন্ত্রী আনিসুল হকের এরকম বক্তব্যের জবাবে বিএনপি মহাসচিব বলেন, এসব ছলচাতুরী করে কোনো লাভ নেই। পরিবার থেকে দেওয়া চিঠিতে তার (খালেদা জিয়া) মুক্তির কথা বলা হয়েছিল। সেখানে চিকিৎসার জন্য বাইরে যাওয়ার কথা বলা হয়েছে। বেমালুম চেপে গিয়ে মিথ্যা কথা বলছেন। আপনাদের শুভ বুদ্ধির উদয় হোক।
শনিবার এভারকেয়ার হাসপাতালে খালেদা জিয়াকে দেখতে যাওয়ার কথা উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, নেত্রী অত্যন্ত শক্ত মনের। তিনি মনের জোরে সব প্রতিকূলতা কাটিয়ে ওঠেন। সেই নেত্রী পাঁচ বছর বন্দি থাকা অবস্থায় কোনোদিনও তার চোখে পানি দেখিনি। গতকাল তাকে অত্যন্ত অসুস্থ দেখেছি। প্রথমবারের মতো মনে হয়েছে, সত্যি তিনি অনেক অনেক বেশি অসুস্থ। তার এ বক্তব্যের মধ্যেই নেতাকর্মীরা মুহুর্মুহু সেøাগান দেন, ‘খালেদা জিয়ার কিছু হলে আগুন জ¦লবে ঘরে ঘরে’।
স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, বিভিন্ন কুঞ্জে কুঞ্জে আমলারা মিটিং করে বেড়াচ্ছেন, যেকোনো মূল্যে গুম খুন করেও আওয়ামী লীগকে ক্ষমতায় রাখতে হবে। সরকারি কর্মকর্তারা আওয়ামী লীগকে ক্ষমতায় রাখতে এতটা মরিয়া যে, আওয়ামী লীগও ততটা মরিয়া না। শেখ হাসিনার ছেলের বিদেশে বাজেয়াপ্ত করা সম্পত্তি এ দেশের জনগণের। এর জন্য আমাদের বহু কথা আছে আপনি (শেখ হাসিনা) যেভাবে সহজে বলেছেন, দেখছেন বিষয়টা এত সহজ নয়।’
স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, আদালতে সাজাপ্রাপ্ত আওয়ামী লীগের নেতারা বিদেশে চিকিৎসা করতে পারলে খালেদা জিয়ার পারবেন না কেন? আদালতের বিচারকদের একদিন এর হিসাব দিতে হবে। খালেদা জিয়াকে জেলে রেখে শেখ হাসিনা ক্ষমতা থাকতে পারবে না। প্রয়োজনে গুলি খেতে খেতেই সামনে যেতে হবে। আমরা চাইলে এখনই শেখ হাসিনার বাসভবন ঘেরাও করতে পারি।
স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, যারা দখলদারীর মাধ্যমে ক্ষমতায় বসে আছেন বিশ্বে এমন কতগুলো ফ্যাসিস্ট সরকারকে স্যাংশন দেওয়া হয়েছে। আপনাদের (আওয়ামী লীগ) শুধু বিচারই হবে না, বাংলাদেশের জনগণের সামনে মুখোমুখি হতে হবে।
সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, হাসিনার কথায় প্রমাণিত হলো, তার ছেলের বিশাল সম্পদ বিদেশের মাটিতে।
দক্ষিণ বিএনপির আহ্বায়ক আবদুস সালামের সভাপতিত্বে উত্তরের সদস্য সচিব আমিনুল হক ও দক্ষিণের ভারপ্রাপ্ত সদস্য সচিব লিটন মাহমুদের সঞ্চালনায় সমাবেশে স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান, কেন্দ্রীয় নেতা এজেডএম জাহিদ হোসেন প্রমুখ বক্তব্য রাখেন।
নয়াপল্টনে বিএনপির সমাবেশে সংঘর্ষ : সমাবেশ চলাকালে ছাত্রদলের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে অন্তত ১০ জন আহত হন বলে জানা গেছে। সরেজমিনে দেখা যায়, সমাবেশে মির্জা ফখরুলের বক্তব্য শুরুর কিছুক্ষণের মধ্যেই কয়েকজন ছাত্রদল নেতাকর্মী হঠাৎ লাঠিসোঁটা নিয়ে প্রতিপক্ষের ওপর হামলা চালান। এ সময় মঞ্চে বিএনপির স্থায়ী কমিটির সদস্যসহ অন্য জাতীয় নেতারা উপস্থিত ছিলেন। সংঘাত থামাতে চেয়ার থেকে উঠে গিয়ে নেতাকর্মীদের নিবৃত্ত করার চেষ্টা করেন মির্জা আব্বাস এবং যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু। কিন্তু ততক্ষণে হামলায় বেশ কয়েকজন আহত হন। সংঘর্ষ চলাকালে বিএনপি মহাসচিব তার নির্ধারিত বক্তব্য থামিয়ে বলেন, যারা সংঘাত করছে তারা সরকারের দালাল।
ঢাকায় নয়াবাজারের পরিবর্তে ধোলাইখালে সমাবেশ : এক দফা দাবিতে সোমবার রাজধানীর নয়াবাজারে পূর্বঘোষিত সমাবেশের কর্মসূচি অনিবার্য কারণে নয়াবাজারের পরিবর্তে ধোলাইখালে করার সিদ্ধান্ত নিয়েছে দলটি। বিষয়টি অবহিত করে এবং ধোলাইখালে সমাবেশের অনুমতি চেয়ে শনিবার ডিএমপি কমিশনার বরাবর চিঠি দিয়েছে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি। এদিকে আজ সোমবার বিকেলে তালতলা মার্কেট এর সামনে গণসমাবেশ ও পদযাত্রা করবে গণতন্ত্র মঞ্চ।
