সিইসির চিঠি

ছোট পরিসরে হলেও ইইউর পর্যবেক্ষক দলের আশা

আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২৩, ০৫:২১ এএম

আগামী জাতীয় সংসদ নির্বাচনে পূর্ণাঙ্গ পর্যবেক্ষক দল না পাঠানোর বিষয়টি জানিয়ে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) দেওয়া চিঠির জবাব দিলেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। চিঠিতে নির্বাচন পর্যবেক্ষণে ছোট পরিসরে হলেও ইইউ পর্যবেক্ষক দল পাঠাবে বলে আশা প্রকাশ করেছেন তিনি।

গতকাল রবিবার আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার আহসান হাবিব খান এ তথ্য জানান।

তিনি বলেন, ইউরোপীয় ইউনিয়ন কেন দ্বাদশ সংসদ নির্বাচনে পর্যবেক্ষক পাঠাচ্ছে না, সে বিষয়ে সচিবালয়কে ইতিমধ্যে জানিয়েছে নির্বাচন কমিশন। তাদের (ইইউ) বাজেট স্বল্পতার কথা জানিয়েছে। পর্যবেক্ষক পাঠাবে না বলেনি। পূর্ণাঙ্গ দল পাঠাবে না বলে জানিয়েছে। ছোট করে পাঠাবে কি না এটাও উল্লেখ করেনি।

ইউরোপীয় ইউনিয়নকে দেওয়া চিঠির জবাব প্রসঙ্গে এই কমিশনার বলেন, সিইসি চিঠিতে বলেছেন, নির্বাচন কমিশন সরকার ও অন্যদের কাছ থেকে যেভাবে সহায়তা পাচ্ছে, এটি অব্যাহত থাকলে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন করতে কমিশন সক্ষম হবে। তিনি বলেন, তারা মনেপ্রাণে বিশ্বাস করেন, ইউরোপীয় ইউনিয়ন নির্বাচন পর্যবেক্ষণে একটি ছোট দল হলেও পাঠাবে।

মার্কিন ভিসানীতির বিষয়ে আহসান হাবিব খান বলেন, ভিসানীতি সরকার টু সরকারের বিষয়। নির্বাচন কমিশনের এ বিষয়ে কিছু করার নেই।

এদিকে সাবেক প্রধান নির্বাচন কমিশনার, নির্বাচন কমিশনার, সাবেক জ্যেষ্ঠ নির্বাচন কমিশন কর্মকর্তা, গণমাধ্যম ব্যক্তিত্ব ও বিশ্ববিদ্যালয় অধ্যাপকদের সঙ্গে বৈঠক করবে নির্বাচন কমিশন। আগামী ৪ অক্টোবর এ বৈঠক অনুষ্ঠিত হবে।

এ বিষয়ে নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. আহসান হাবিব খান বলেন, অবাধ ভোটাধিকার প্রার্থী ও পোলিং এজেন্টের ভূমিকা বিষয়ে একটা কর্মশালা অক্টোবরের প্রথম সপ্তাহে আয়োজন করতে যাচ্ছে নির্বাচন কমিশন। এ কর্মশালায় সাবেক প্রধান নির্বাচন কমিশনার, নির্বাচন কমিশনার, সাবেক জ্যেষ্ঠ নির্বাচন কমিশন কর্মকর্তা, গণমাধ্যম ব্যক্তিত্ব ও বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকরা অংশ নেবেন। এই কর্মশালার মূল উদ্দেশ্য হচ্ছে আলোচনার মাধ্যমে অবাধ ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিতকরণে প্রার্থী ও পোলিং এজেন্টের ভূমিকাকে স্পষ্ট করা এবং সর্বসাধারণ, বিশেষত সম্মানিত ভোটার সাধারণ, রাজনীতিবিদ ও নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের গণমাধ্যমের বদান্যতায় তা অবহিত করা।

কর্মশালায় নির্বাচনে অনিয়ম ও কারচুপি রোধে প্রার্থীর পক্ষে পোলিং এজেন্টের ভূমিকা কী হতে পারে। পোলিং এজেন্ট তার প্রার্থীর পক্ষে আইন ও বিধি অনুযায়ী কীভাবে দায়িত্ব পালন করে ভোটগ্রহণকে স্বচ্ছতা দিয়ে নির্বাচন প্রভাবমুক্ত রাখতে পারেন। নির্বাচনের ফলাফলে জনমতের প্রকৃত প্রতিফলন ঘটিয়ে কীভাবে জনপ্রতিনিধি নির্বাচিত করিয়ে আনতে পারেন। এ ছাড়া প্রার্থীরা কী ধরনের পোলিং এজেন্ট নিয়োগ করবেন এবং কীভাবে তাকে দায়বদ্ধ করবেন এসব বিষয়ে আলোচনা হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত