ভারপ্রাপ্ত মেয়রের প্রকল্পের বহর, অনিয়মের পদোন্নতি

আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২৩, ০৫:৫২ এএম

গাজীপুর সিটি করপোরেশনে ভারপ্রাপ্ত মেয়র হিসেবে আসাদুর রহমান কিরণের বিরুদ্ধে অনুমোদন ছাড়াই সহস্রাধিক প্রকল্প গ্রহণ, পদোন্নতি এবং কেনাকাটায় ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। প্রায় ২১ মাস দায়িত্ব পালনকালে তার বিরুদ্ধে কাউন্সিলরদের নিয়ে মাসিক না করে এসব অনুমোদন দেওয়ার অভিযোগ তোলা হয়েছে। আর এসব অনিয়মের তদন্ত দাবি করেছেন সিটি করপোরেশনের একাধিক কাউন্সিলর।

অভিযোগের ব্যাপারে সাবেক ভারপ্রাপ্ত মেয়র আসাদুর রহমান কিরণের মোবাইলে একাধিকবার ফোন দিলেও তার মোবাইলটি বন্ধ পাওয়া যায়।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, কিরণের বিরুদ্ধে গত ২১ মাসে প্রায় ৭০০ কোটি টাকার ডিপিপি (উন্নয়ন প্রকল্প প্রস্তাব) ও প্রায় ৩০০ কোটি টাকার রাজস্ব তহবিল থেকে নেওয়া প্রকল্পগুলোতে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে।

জানা গেছে, সিটি করপোরেশনের কার্য সহকারী ছিলেন আবু সাঈদ চৌধুরী। ভারপ্রাপ্ত মেয়র হিসেবে দায়িত্ব গ্রহণের পর আসাদুর রহমান কিরণ তাকে প্রথম শ্রেণির কর্মকর্তা হিসেবে নির্বাহী প্রকৌশলী (সিভিল) হিসেবে পদোন্নতি দেন। এভাবে রোলার চালক মো. জাকির হোসেন রুমনকে লাইসেন্স সহকারী, সার্ভেয়ার ফারুক আলমকে লাইসেন্স কর্মকর্তা, কমিউনিটি কর্মী মাহমুদুল ইসলামকে কর নির্ধারণ কর্মকর্তা, সাঁটলিপিকার কাম ক্লার্ক আজমল হোসেনকে লাইসেন্স পরিদর্শক, উচ্চমান সহকারী আশরাফ হোসেনকে প্রথম শ্রেণির পদ সহকারী সচিব হিসেবে পদোন্নতি দিয়েছেন। এ ছাড়া মেকানিক্যাল বিভাগের নির্বাহী প্রকৌশলী সুদেব বসাককে বিদ্যুৎ বিভাগের তত্ত্বাবধায়ক প্রকৌশলী ও সিটি করপোরেশনের জনসংযোগ কর্মকর্তার দায়িত্ব দেন। পদোন্নতি কমিটির সুপারিশ ছাড়াই একক সিদ্ধান্তে আসাদুর রহমান কিরণ তার পছন্দের ও আস্থাভাজন আরও অসংখ্য কর্মচারী-কর্মকর্তাকে পদোন্নতি দিয়ে গুরুত্বপূর্ণ পদে বসিয়েছেন।

গত ১০ মাসে সিটি করপোরেশনের চারটি সভা অনুষ্ঠিত হয়েছে। এর একটি সভাতেও সিদ্ধান্ত গ্রহণের জন্য প্রয়োজনীয়সংখ্যক (৫১ শতাংশ) কাউন্সিলর উপস্থিত ছিলেন না। সভায় কোরাম পূর্ণ না হলেও সভার পরে কাউন্সিলরদের বাড়িতে বাড়িতে গিয়ে হাজিরা খাতায় স্বাক্ষর আনা হয়েছে। সভায় প্রয়োজনীয়সংখ্যক কাউন্সিলর উপস্থিত না থাকলেও আসাদুর রহমান কিরণের একক সিদ্ধান্তে ওইসব সভায় সড়ক ও ড্রেন নির্মাণসহ বিভিন্ন উন্নয়ন কাজে প্রায় এক হাজার কোটি টাকার সহস্রাধিক প্রকল্প গ্রহণ করেন। সিটি করপোরেশনের আইন অনুযায়ী, কাউন্সিলরদের মাসিক সভায় ওইসব সিদ্ধান্ত অনুমোদিত না হলে সব কর্মকা- অবৈধ।

কয়েকজন কাউন্সিলর অভিযোগ করেন, সিটি করপোরেশনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী আকবর হোসেন, তত্ত্বাবধায়ক প্রকৌশলী মজিবুর রহমান কাজল ও ঠিকাদার প্রত্যক্ষ সহযোগিতায় ভারপ্রাপ্ত মেয়র আসাদুর রহমান কিরণ এসব প্রকল্প থেকে ১০ থেকে ৩০ ভাগ কমিশন নিয়ে বিল পরিশোধ করেছেন।

গাজীপুর নগরীর ৪৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও ভারপ্রাপ্ত মেয়র আসাদুর রহমান কিরণের দায়িত্ব পালনকালে প্রায় ৭০০ কোটি টাকার ডিপিপি ও প্রায় ৩০০ কোটি টাকার রাজস্ব তহবিল থেকে নেওয়া প্রকল্পগুলোতে ব্যাপক অনিয়ম হয়েছে। কাউন্সিলরদের মাসিক সভায় অনুমোদন ছাড়াই আসাদুর রহমান কিরণ এককভাবে এসব প্রকল্প গ্রহণ করেন। এতে কাউন্সিলরদের কোনো মতামত নেওয়া হয়নি।

ওই কাউন্সিলররা আরও অভিযোগ করেন, অনেক প্রকল্পের কাজ না করেই শুধু কাগজপত্র ঠিক রেখে কোটি কোটি টাকার বিল তুলে নেওয়া হয়েছে। আবার কোনো কোনো কাজ নিম্নমানের সামগ্রী দিয়ে যেনতেনভাবে সম্পন্ন করে বিল নেওয়া হয়েছে। অভিযোগ রয়েছে, সড়ক নির্মাণ করতে গিয়ে শিডিউলের শর্ত উপেক্ষা করা হয়েছে। নির্ধারিত রেটের বাইরে অতিরিক্ত রেট দিয়ে ভারপ্রাপ্ত মেয়র কিরণ, প্রকৌশলী এবং ঠিকাদাররা লাভবান হয়েছেন। নগরীর গাছা, টঙ্গী, পুবাইল, জয়দেবপুর, কাশিমপুরসহ বিভিন্ন এলাকায় এসব কাজ হয়েছে। গত ৭ ফেব্রুয়ারির সভায় ৩০৬টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়। অথচ ওই সভায় অনুমোদন নেওয়ার মতো প্রয়োজনীয়সংখ্যক কাউন্সিলর উপস্থিত ছিলেন না। সর্বশেষ একাধিক সভায় প্রকল্পগুলো অনুমোদন না হওয়ায় যেসব ঠিকাদার তাদের কাজ শেষ করতে পারেননি, তারা রয়েছেন আতঙ্কে।

অভিযোগ উঠেছে, বিদ্যুৎ খাতে বিশাল দুর্নীতি হয়েছে। সিটি করপোরেশনে চার হাজার সড়কবাতি স্থাপনের জন্য ২৫ কোটি টাকার কাজ চলমান ছিল। কিন্তু তিন ভাগের এক ভাগ খুঁটি স্থাপন না করেই প্রকল্পের পুরো টাকা তুলে নেওয়া হয়েছে। এসব বিদ্যুতের খুঁটি স্থাপন, সড়কবাতি লাগানোসহ বিভিন্ন ক্ষেত্রে ব্যাপক দুর্নীতির অভিযোগ উঠেছে। দুর্নীতির টাকা ভারপ্রাপ্ত মেয়র আসাদুর রহমান কিরণ, বিদ্যুৎ শাখার নির্বাহী প্রকৌশলী মো. ইব্রাহিম খলিল, আরিফুল ইসলাম এবং ঠিকাদার মিলে ভাগ-বাটোয়ারা করেছেন। নির্বাহী প্রকৌশলী ইব্রাহিম খলিলের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলা চলমান রয়েছে।

জানা গেছে, সিটি করপোরেশনের আটটি অঞ্চলে তিন হাজারের মতো কলকারখানা রয়েছে। প্রধান রাজস্ব কর্মকর্তা এবিএম এহসানুল হক মামুন, কর নির্ধারণ কর্মকর্তা জাকির হোসেনসহ আস্থাভাজন লোকদের মাধ্যমে ভারপ্রাপ্ত মেয়র আসাদুর রহমান কিরণ কর কম দেখিয়ে শত শত কোটি টাকা হাতিয়ে নিয়েছেন।

৩২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রফিকুল ইসলাম ও ৩৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মিজানুর রহমান জানান, সিটি করপোরেশনের কর আদায়ের জন্য স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে হার নির্ধারণ করা আছে। কোনো প্রতিষ্ঠানের কর নির্ধারণের পর কমাতে হলে রিভিউ বোর্ডের মাধ্যমে আপিল করতে হয়। আপিল বোর্ডের সিদ্ধান্ত ছাড়া কর কমানোর সুযোগ নেই। ভারপ্রাপ্ত মেয়র দায়িত্ব পালনকালে আপিল বোর্ড না করে ব্যক্তিগতভাবে লাভবান হয়ে কর কর্মকর্তাদের সহযোগিতায় তার নিজের ইচ্ছেমতো কর নির্ধারণ করেন। অথচ আবেদন করলেও অনেকের প্রতিষ্ঠানের কর কম দিতে গেলে তা গ্রহণ করা হয়নি।

নিয়ম ভেঙে পদোন্নতি দেওয়ার বিষয়ে জানতে চাইলে গাজীপুর সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এএসএম সফিউল আজম বলেন, গত দুই বছরে সিটি করপোরেশনে কোনো পদোন্নতির বোর্ড হয়নি। যাদের পদোন্নতির কথা বলা হয়েছে, আসলে তাদের ওইসব পদে ভারপ্রাপ্ত মেয়র চলতি দায়িত্বে পদায়ন করে গেছেন। সভায় প্রকল্পসহ বিভিন্ন সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারে সাবেক ভারপ্রাপ্ত মেয়র বলতে পারবেন। তবে অন্যান্য ক্ষেত্রে অনিয়মের বিষয়ে তিনি বলেন, এসব বিষয় তার জানা নেই। সুনির্দিষ্ট অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সিটি করপোরেশনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী আকবর হোসেন, সদ্য অবসরে যাওয়া তত্ত্বাবধায়ক প্রকৌশলী মজিবুর রহমান কাজল তাদের বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন।

গাজীপুর সিটি করপোরেশনের নির্বাচিত মেয়র জায়েদা খাতুন গত ১১ সেপ্টেম্বর আনুষ্ঠানিকভাবে তার দায়িত্ব গ্রহণ করেন। আজ সোমবার নির্বাচিত কাউন্সিলরদের নিয়ে প্রথম সভা হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত