স্বামী, শাশুড়ি ও ননদের বেধড়ক পিটুনি গর্ভবতীর মৃত্যু

আপডেট : ০১ অক্টোবর ২০২৩, ০৬:৫২ পিএম

ময়মনসিংহের গফরগাঁওয়ে পারিবারিক কলহের জেরে তাছলিমা (৩০) নামে এক গর্ভবতী নারীকে খুন করার অভিযোগ পাওয়া গেছে। রবিবার (১ অক্টোবর) সকালে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসারত অবস্থায় তার মৃত্যু হয়।

তাছলিমার পরিবারের অভিযোগ স্বামী, শাশুড়ি ও ননদের বেধড়ক পিটুনিতে তার মৃত্যু হয়েছে। নিহত তাছলিমার বাড়ি পৌর শহরের ষোলহাসিয়া গ্রামে। তার বাবার নাম বারেক মিয়া।

নিহত তাছলিমার ভাই খলিল জানান, প্রায় ১০ বছর আগে উপজেলার সালটিয়া ইউনিয়নের বাগুয়া গ্রামের আনিছ মিয়ার ছেলে শান্তর (৩৫) সঙ্গে তার বোন তাছলিমার বিয়ে হয়। তাদের সংসারে মাহদি (৯) ও মাহিন (৩) নামে দুই ছেলে সন্তান রয়েছে। বিয়ের পর থেকে তার বোনকে তার শ্বশুরবাড়ির লোকজন নির্যাতন করত। গত ২৭ তারিখ সকালে পারিবারিক কলহের জের ধরে তাছলিমা ও তার স্বামী শান্তর ঝগড়া হয়। ঝগড়ার একপর্যায়ে তাছলিমার স্বামী শান্ত, শাশুড়ি সাজেদা (৪৫) ও ননদ সানজিদা (১৮) গর্ভবতী তাছলিমাকে বেধড়ক পিটিয়ে গুরুতর আহত করে। পরে স্বজনরা তাছলিমাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে পরিস্থিতির অবনতি হলে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। তিন দিন মৃত্যুর সঙ্গে লড়াই করে রবিবার সকালে তাছলিমার মৃত্যু হয়।

নিহতের ভাই খলিল আরো জানান, মামলার প্রস্তুতি চলছে। ওরা আমার বোনটাকে মেরে ফেলেছে। আমি এর বিচার চাই।

গফরগাঁও থানার ওসি ফারুক আহম্মেদ বলেন, অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত