মুন্সীগঞ্জে দুই চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাই

আপডেট : ০৩ অক্টোবর ২০২৩, ০৫:৪৩ এএম

মুন্সীগঞ্জের সিরাজদীখানে চালককে হত্যা করে ব্যাটারিচালিত অটোরিকশা ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। নিখোঁজের একদিন পর গতকাল সোমবার সকালে অটোরিকশা চালক নেকবর হোসেনের (২২) লাশ উদ্ধার করেছে পুলিশ। সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার খাসকান্দি গ্রামের ইটভাটার পাশ থেকে তার লাশ উদ্ধার করা হয়।

নিহত অটোরিকশা চালক নেকবর উপজেলার বাসাইল ইউনিয়নের চরগুলগুলিয়া গ্রামের মৃত মোহাম্মদ সাজা মিয়ার ছেলে।

পুলিশের ধারণা, চালক নেকবরকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। হত্যাকান্ড শেষে তার অটোরিকশা ছিনতাই করেছে দুর্বৃত্তরা।

উপজেলার বালুচর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ওয়াসিম আহমেদ জানান, গত রবিবার বিকেলে অটোরিকশা নিয়ে বের হয়ে নেকবর রাতে আর বাড়ি ফেরেননি। পরদিন সকালে ইটভাটার পাশে তার লাশ পড়ে থাকতে দেখা যায়।

নিহত নেকবরের মা জায়েদা খাতুন বলেন, আমার ছেলে একজন কোরআনে হাফেজ। ওর কোনো শত্রু ছিল না। অটোরিকশা চালিয়ে সংসার চালাত। অটোরিকশা ছিনতাই করতেই আমার ছেলেকে হত্যা করা হয়েছে।

সিরাজদীখান থানার ওসি মুজাহিদুল ইসলাম জানান, স্থানীয়রা লাশ পড়ে থাকতে দেখে থানায় খবর দেয়।

অন্যদিকে, লৌহজংয়ে মোস্তফা (১৮) নামে চালককে হত্যা করে ব্যাটারিচালিত অটোরিকশা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। উপজেলার হলদিয়া ইউনিয়নের দক্ষিণ হলদিয়া গ্রামের তিনদোকান এলাকায় ওই যুবকের মরদেহ ফেলে রেখে যায় সংঘবদ্ধ ছিনতাইকারী। গতকাল সোমবার সকাল ৯টার দিকে মরদেহটি দেখতে পান স্থানীয়রা। পরে পুলিশকে খবর দেওয়া হয়। নিহত মোস্তফা উপজেলার মেদিনী ম-ল ইউনিয়নের দক্ষিণ মেদিনী মন্ডল গ্রামের মিস্ত্রিপাড়ার আবদুল মাদবরের ছেলে।

নিহতের স্বজনরা জানান, গত রবিবার বিকেলে অটোরিকশাটি নিয়ে বাসা থেকে বের হন মোস্তফা। কিন্তু রাতে আর ফেরেননি। পরে সকালে ফেসবুকে মরদেহ উদ্ধারের ছবি দেখা যায়।

স্থানীয় ইউপি সদস্য শাহীন সরদার জানান, এটা হত্যাকান্ড। কেননা মুখমন্ডলে আঘাতের চিহ্ন আছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত