আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে

ভারতের সর্বকনিষ্ঠ সেঞ্চুরিয়ান জয়সওয়াল

আপডেট : ০৩ অক্টোবর ২০২৩, ০৪:১০ পিএম

সম্পাল কামিকে চার মেরে উল্লাস শুরু করলেন যশস্বী জয়সওয়াল। কিন্তু তখনও যে সেঞ্চুরি হয়নি তার! বুঝতে পেরে নিজেকে শান্ত করলেন ভারতীয় এই ব্যাটসম্যান। পরের বলে সিঙ্গেল নিয়ে কাঙ্ক্ষিত তিন অঙ্কে পা রেখে আরেকবার সারলেন উদযাপন। তার চোখেমুখে ছিল দারুণ এক রেকর্ড গড়ার উচ্ছ্বাস।

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ভারতের সর্বকনিষ্ঠ সেঞ্চুরিয়ান এখন জয়সওয়াল। এশিয়ান গেমস ক্রিকেটের কোয়ার্টার ফাইনালে মঙ্গলবার নেপালের বিপক্ষে এই কীর্তি গড়েন বাঁহাতি এই ব্যাটসম্যান। ৭ ছক্কা ও ৮ চারে ৪৯ বলে ঠিক ১০০ রানের ইনিংস খেলার দিন তার বয়স ছিল ২১ বছর ২৭৯ দিন।

সবচেয়ে কম বয়সে টি-টোয়েন্টিতে ভারতের হয়ে সেঞ্চুরির রেকর্ডটি এতদিন ছিল শুবমান গিলের। গত ফেব্রুয়ারিতে ২৩ বছর ১৪৬ দিন বয়সে নিউ জিল্যান্ডের বিপক্ষে ১২৬ রানের অপরাজিত ইনিংস খেলেন তিনি। তার ওই ইনিংসটি এই সংস্করণে ভারতের হয়ে সর্বোচ্চ।

হেজিয়াং ইউনিভার্সিটি অব টেকনোলজি ক্রিকেট মাঠে জয়সওয়ালের সেঞ্চুরির সুবাদে আগে ব্যাট করে ৪ উইকেটে ২০২ রান করে ভারত। পরে নেপালকে ১৭৯ রানে থামিয়ে ২৩ রানের জয় তুলে নেয় প্রথমবার এশিয়ান গেমসে ক্রিকেটে অংশ নেওয়া ভারত।

আগামীকাল কোয়ার্টার ফাইনালে মালয়েশিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ। ম্যাচটি জিতলে সেমিফাইনালে ভারতের সঙ্গে লড়বে সাইফ হাসানের দল।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত