বেন স্টোকস নিতম্বের অস্বস্তির কারণে বাংলাদেশের বিপক্ষে ইংল্যান্ডের শেষ প্রস্তুতি ম্যাচে খেলেননি। ইংল্যান্ড অধিনায়ক জস বাটলারও টুর্নামেন্টের শুরুতেই স্টোকসকে নিয়ে ঝুঁকি নিতে চান না। তাই আগামীকাল নিউজিল্যান্ডের বিপক্ষে নিজেদের প্রথম বিশ্বকাপ ম্যাচে স্টোকসকে ছাড়াই হয়তো মাঠে নামবে ইংল্যান্ড।
২০১৯ এর ফাইনালে সেরা খেলোয়াড় হন স্টোকস। হাঁটুর ইনজুরির কারণে ওয়ানডে থেকে অবসর নিলেও গেল আগস্টে টিম ম্যানেজমেন্টের ডাকে আবারও দলে ফেরেন। এবারের বিশ্বকাপে অবশ্য খেলবেন শুধু বিশেষজ্ঞ ব্যাটসম্যান হিসেবে।
স্টোকসকে নিয়ে বাটলার বলেন, ‘তার নিতম্বে হালকা অস্বস্তি আছে। কিন্তু আশা করি আমাদের জন্য ভালো খবর আসবে। ফিজিওদের সঙ্গে কঠোর পরিশ্রম করছে। আজ ট্রেনিংয়ে আসার পর তাকে নিয়ে আরও কিছু জানা যাবে।’
অবসর থেকে ফেরার পর ওয়ানডেতে তৃতীয় ইনিংসেই নিউজিল্যান্ডের বিপক্ষে ১৮২ রান করেন স্টোকস। অবশ্য বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে খেলেননি তিনি।
