এশিয়ান গেমস ক্রিকেটে প্রথমবার অংশ নিয়েই বাজিমাত করল ভারত। মেয়েদের পর এবার স্বর্ণ জিতে নিল দেশটির পুরুষ ক্রিকেট দলও। পদক জয়ে তাদের সহায়তা করেছে বৃষ্টি। আফগানিস্তানের বিপক্ষে ব্যাটিংই করতে হয়নি দলটির।
চীনের হাংজুতে শনিবারের ফাইনালে টস জিতে আফগানদের ব্যাটিংয়ে পাঠায় ভারত। গুলবাদিন নাইবের দল ১৮.২ খেলতেই হানা দেয় বৃষ্টি। সেই সময় তাদের রান ছিল ৫ উইকেটে ১১২। এরপর আর খেলাই সম্ভব হয়নি।
শীর্ষ বাছাই হিসেবে এশিয়ান গেমসে অংশ নেয় ভারত। বাছাইয়ে এগিয়ে থাকায় স্বর্ণ জিতেছে রুতুরাজ গায়কোয়াড়ের দল।
২০১০ ও ২০১৪ সালেও এশিয়ান গেমসে ক্রিকেট ইভেন্ট হয়েছিল। কিন্তু ওই দুইবার সেখানে অংশ নেয়নি ভারত। এবার পুরুষ ও নারী দুই বিভাগেই স্বর্ণ জিতেছে তারা।
ক্রিকেটের এই ইভেন্টে রৌপ্য জিতেছে আফগানিস্তান। আর পাকিস্তানকে হারিয়ে ব্রোঞ্জ জিতেছে বাংলাদেশ।