বাংলাদেশ ম্যাচ দিয়ে ফিরতে পারেন উইলিয়ামসন

আপডেট : ০৮ অক্টোবর ২০২৩, ১২:১৩ পিএম

চোট থেকে এখনও পুরোপুরি সেরে ওঠেননি কেন উইলিয়ামসন। চলতি বিশ্বকাপে নেদারল্যান্ডসের বিপক্ষেও তাই নিয়মিত অধিনায়ককে পাচ্ছে না কিউইরা। বাংলাদেশের বিপক্ষে তারকা এই ব্যাটসম্যানকে পাওয়ার আশায় আছে দলটি।

উইলিয়ামসনকে ছাড়াই অবশ্য বৈশ্বিক আসর জয় দিয়ে শুরু করেছে নিউজিল্যান্ড। উদ্বোধনী ম্যাচে বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ডকে উড়িয়ে দিয়েছে তারা। প্রতিপক্ষে ২৮২ রানে থামিয়ে ডেভন কনওয়ে ও রাচিন রবীন্দ্রর জোড়া সেঞ্চুরিতে ৯ উইকেটে জয় তুলে নিয়েছে তারা ৮২ বল বাকি থাকতে।

লম্বা সময় ধরে চোটের সঙ্গে লড়াই করা উইলিয়ামসনকে বিশ্বকাপে পাওয়া নিয়ে একটা সময় শঙ্কায় ছিল নিউজিল্যান্ড। শেষ পর্যন্ত তাকে দলে রাখে তারা। দুটি প্রস্তুতি ম্যাচও খেলেন তিনি। কিন্তু মূল লড়াইয়ে এখনও নামা হয়নি তার।

মূলত উইলিয়ামসনকে নিয়ে তাড়াহুড়া করতে নারাজ নিউজিল্যান্ড। হায়দ্রাবাদে সোমবার নেদারল্যান্ডসের মুখোমুখি হবে তারা। আগের দিন কিউই কোচ গ্যারি স্টেড নিশ্চিত করেন এই ম্যাচে উইলিয়ামসনকে না পাওয়ার কথা।

‘কেন বেশ ভালোভাবে উন্নতি করছে। তবে আমি মনে করি, ফিল্ডিং তার জন্য এখনও ভাবনার জায়গা, যার জন্য তাকে আরও প্রস্তুত হতে হবে। নিজের শরীরের ওপর আরেকটু আস্থা অর্জন করতে হবে তার।’

নিউজিল্যান্ডের পরের বাংলাদেশের সঙ্গে, আগামী ১৩ অক্টোবর চেন্নাইয়ে। এই ম্যাচে উইলিয়ামসন ফিরতে পারেন বলে ইঙ্গিত দিয়ে স্টেড বলেন,'আমরা আত্মবিশ্বাসী যে তৃতীয় ম্যাচে সে আমাদের হয়ে খেলবে। খেলোয়াড়দের যাচাই করে নিতে আজ আরেকটি অনুশীলন সেশন পেয়েছি আমরা। অনুশীলন শেষ করে আমরা (নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচের জন্য) একাদশ চূড়ান্ত করব। তবে এই মুহূর্তে কেনকে নিয়ে আমাদের ভাবনা হচ্ছে যে তৃতীয় ম্যাচ থেকে সে টুর্নামেন্ট শুরু করবে।'

গত আইপিএলের উদ্বোধনী ম্যাচে ছক্কা বাঁচাতে গিয়ে বাজেভাবে পরে হাঁটুতে চোট পান উইলিয়ামসন। পরে অস্ত্রোপচারও করাতে হয় তার।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত