সাভারের আশুলিয়ায় হেডফোন চুরির অভিযোগ তুলে মারধরের পর ১৩ দিন ধরে নিখোঁজ রয়েছে মাদ্রাসার এক শিক্ষার্থী। তার নাম আবদুল মোমিন মুন্না (১২)। তাকে মাদ্রাসার বদ্ধ কক্ষে আটকে গান বাজিয়ে মারধর করা হয়। এ ঘটনার পর থেকে তার খোঁজ মিলছে না। বিষয়টি জানতে পেরে পরিবারের লোকজন তার খোঁজ চেয়ে আশুলিয়া থানায় সাধারণ ডায়েরি (জিডি) করে উল্টো তোপের মুখে পড়েছেন।
নিখোঁজ মুন্না রংপুরের পীরগাছা থানার বলিহাট গ্রামের ওমর ফারুকের ছেলে। তারা বাবা-মা তৈরি পোশাক কারখানায় কাজ করেন। মুন্না আশুলিয়ার কাইচাবাড়ি আহমেদিয়া হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানায় পড়াশোনা করত।
নিখোঁজ মুন্নার বাবা ওমর ফারুক বলেন, ‘গত ২৯ সেপ্টেম্বর রাত ১০টার দিকে মুন্নার মাদ্রাসা থেকে আবু হানিফ নামে এক শিক্ষক আমাদের বাসায় আসেন। তিনি আমাকে বলেন, মুন্না হেডফোন চুরি করেছে। এজন্য তাকে শাস্তি দেওয়ায় সে মাদ্রাসা থেকে পালিয়েছে।’ এ বিষয়ে মাদ্রাসার অধ্যক্ষ মুফতি সাইফুল ইসলাম বলেন, ‘ছেলেটি যেদিন পালিয়ে যায় সেদিন আমি ছুটিতে ছিলাম। আমি মাদ্রাসায় এসে শুনেছি আমাদের শিক্ষক ছেলেটিকে মেরেছেন। সেটার ব্যবস্থা আমরা নেব। আগে ছেলেটিকে খুঁজে পাই।’
