মালানে ভর ইংল্যান্ডের রানের পাহাড়

আপডেট : ১০ অক্টোবর ২০২৩, ০৩:০৪ পিএম

ডাভিড মালানের বড় সেঞ্চুরি ও শতরানের দুটি জুটির সুবাদে বাংলাদেশের সামনে ৩৬৫ রানের বিশাল লক্ষ্য দিয়েছে ইংল্যান্ড। ধর্মশালার চোখজুড়ানো মাঠে টস হেরে ব্যাটিংয়ে নেমে চোখজুড়ানো ব্যাটিং উপহার দেয় ইংল্যান্ড।

ইনিংসের শেষ ১০ ওভারে ম্যাচের নিয়ন্ত্রণ নিতে সমর্থ হয় বাংলাদেশ। ৪০ ওভার শেষে ২৯৮ রান ছিল ইংল্যান্ডের। মাত্র ৬৬ রানের বিনিময়ে ৬ উইকেট তুলতে সমর্থ হওয়ায় চারশ’র নিচে ইংল্যান্ডকে বেধে রাখে টাইগাররা।

উদ্বোধনী জুটিতে ১১৫ রান যোগ করেন মালান ও জনি বেয়ারস্টো। সেই জুটি ভাঙ্গেন কাপ্তান সাকিব আল হাসান। ৫৯ বলে ৫২ রান করা বেয়ারস্টোকে ফেরান তিনি। এরপর জো রুট ক্রিজে এলে তাকে নিয়ে দেড়শ রানের জুটি গড়েন মালান। তুলে নেন দারুণ একটি সেঞ্চুরি।

ইনিংসের ৩৮তম ওভারের দ্বিতীয় বলে শেখ মেহেদির শিকারে পরিণত হওয়ার আগে ১৪০ রান করেন । মাত্র ১০৭ বলে ১৬ চার ও ৫ ছক্কায় এ রান করেন তিনি। ইংল্যান্ডের সংগ্রহ তখন ২৬৬ রান।

মালানের উইকেটের পরে দেরিতে হলেও ম্যাচের লাগাম টেনে ধরে বাংলাদেশ। নিয়মিত বিরতিতে উইকেট তুলতে সমর্থ হয় বোলাররা। ইংল্যান্ডের হয়ে জো রুট ৬৮ বলে ৮২ রানের ইনিংস খেলেন।

অভিজ্ঞ মাহমুদুল্লাহ রিয়াদের বদলে একজন অতিরিক্ত বোলার হিসেবে একাদশে জায়গা পান শেখ মেহেদি। সুযোগের প্রতিদান দেন ৪ উইকেট শিকার করে। শরিফুল নেন ৩টি উইকেট। তাসকিন ও সাকিব ১টি করে উইকেট শিকার করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত