পশ্চিমবঙ্গের কলকাতা শহরের উপকণ্ঠে ১৪ বছরের নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগ উঠেছে। এক বাংলাদেশি নাগরিকের বিরুদ্ধে এ ঘটনা নিয়ে টেকনো সিটি থানায় অভিযোগ দায়ের হয়েছে। যার ভিত্তিতে সোমবার রাতে অভিযুক্ত সোহেল রানাকে গ্রেপ্তার করে টেকনো সিটি থানার পুলিশ।
ঘটনাটি ঘটেছে নিউটাউন এলাকার বালিগড়ি এলাকায়। মঙ্গলবার গ্রেপ্তারকৃতকে বারাসাত আদালতে তোলা হবে বলে জানা গেছে।
পুলিশ সূত্রে জানা গেছে, গত দুমাস ধরে নিউ টাউনের বালিগুড়ি এলাকায় ভাড়া থাকছিলেন বাংলাদেশের কুমিল্লা জেলার গাজীপুর এলাকার বাসিন্দা সোহেল রানা নামে এক যুবক। বিশেষ কাজে বাংলাদেশ থেকে কলকাতা আসেন ওই যুবক। অভিযোগ, নিউটাউন বালিগুড়ি এলাকার যে বাড়িতে সোহেল রানা ভাড়া থাকছিলেন সে বাড়ির মালিকের ১৪ বছরের নাবালিকা মেয়ের ওপর বেশ ক'দিন যৌন নির্যাতন চালান তিনি। এ নিয়ে অভিযোগ দায়ের করে নাবালিকার পরিবার।
নির্যাতনের পর অভিযুক্ত সোহেল রানা ব্ল্যাকমেইল করছিল ও নাবালিকাকে রীতিমতো ভয় দেখাচ্ছিল বলেও অভিযোগ উঠেছে। ভয়ে পরিবারের কাউকে কিছু বলতে পারেনি মেয়েটি। অবশেষে রবিবার অসুস্থ হয়ে পড়ে সে। এরপরই পরিবারের কাছে গোটা ঘটনা জানায়। নাবালিকার পরিবারের পক্ষ থেকে সোমবার সকালে টেকনো সিটি থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। নাবালিকার পরিবারের অভিযোগের ভিত্তিতে নিউটাউন এলাকা থেকে অভিযুক্ত বাংলাদেশি নাগরিক সোহেল রানাকে সোমবার রাতে গ্রেপ্তার করে টেকনো সিটি থানার পুলিশ। আজ ধৃতকে বারাসাত আদালতে তোলা হবে।
