কুড়িগ্রামের রৌমারীতে রাবার ড্রাম ব্রিজের খুটির সঙ্গে ধাক্কা লেগে ১৮৭ মণ ধানভর্তি একটি নৌকা পানিতে তলিয়ে গেছে। এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।
গতকাল সোমবার বিকেল সাড়ে পাঁচটার দিকে উপজেলার খেওয়ারচরে জিঞ্জিরাম নদীর রাবার ড্রাম ব্রিজের পিলারের সঙ্গে ধাক্কায় নৌকাটি ডুবে যায়। এ ঘটনার একটি ভিডিও মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ধান ব্যবসায়ী নুর ইসলাম একই ইউনিয়নের আলগার চর গ্রাম থেকে ১৮৭ মণ ধান কিনে নৌকায় সায়দাবাদ ঘাটের উদেশ্যে যাচ্ছিলেন। পথে খেওয়ারচর নামক এলাকায় জিঞ্জিরাম নদীর ওপর রাবার ড্রাম ব্রিজের খুঁটির সঙ্গে নৌকার ধাক্কা লাগে। এ সময় পানির তীব্র স্রোতে ধানভর্তি নৌকাটির মাঝে ভেঙে সেটি ধানসহ পানিতে তলিয়ে যায়। এতে প্রায় চার লাখ টাকার ক্ষতি হয়েছে।
ক্ষতিগ্রস্থ ধান ব্যবসায়ী নুর ইসলাম জানান, ধারদেনা করে কোনোমতে এই ব্যবসা করে স্ত্রী-সন্তান নিয়ে জীবিকা নির্বাহ করছিলেন। হঠাৎ নৌকাডুবিতে তার অনেক ক্ষতি হয়ে গেল।
রৌমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাহিদ হাসান খান বলেন, গতকাল ধানভর্তি একটি নৌকার ব্রিজের খুঁটির সঙ্গে থাক্কা লেগে নদীতে ডুবে যাওয়ার খবর পেয়েছি।
