বিপিএলের অভিজ্ঞতায় বাংলাদেশকে গুঁড়িয়ে দিলেন মালান

আপডেট : ১১ অক্টোবর ২০২৩, ১২:২১ এএম

প্রতিপক্ষের খেলোয়াড়দের সম্পর্কে ধারণা থাকার সুবিধা কীভাবে কাজে লাগাতে হয়, সেটাই যেন গতকাল দেখিয়ে দিয়েছেন ডাভিড মালান। বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএলে) খেলার অভিজ্ঞতা কাজে লাগিয়ে বাংলাদেশকেই গুঁড়িয়ে দিয়েছেন ইংল্যান্ডের এই ওপেনার। খেলেছেন ওয়ানডেতে ক্যারিয়ারের সেরা ইনিংস, ১০৭ বলে ১৪০। সাকিব আল হাসানদের ১৩৭ রানে হারানোর পথে সবচেয়ে বড় অবদানটা ছিল তার। ম্যাচসেরার পুরস্কারটাও তাই উঠেছে বাঁহাতি এই ব্যাটসম্যানের হাতে।

দুর্দান্ত ফর্মে থেকেই বিশ্বকাপে খেলতে এসেছেন মালান। চলতি বছর এখন পর্যন্ত ১১ ওয়ানডে খেলে তার রান ৭৪.৫০ গড়ে ৭৪৫। ক্যারিয়ারের ৬ ওয়ানডে সেঞ্চুরির চারটিই এই সময়ে করেছেন তিনি। অল্পের জন্য পাননি আরেকটি তিন অঙ্কের দেখা। ছন্দে থাকা মালান নিউজিল্যান্ডের বিপক্ষে হেরে যাওয়া ম্যাচে ব্যর্থ হলেও পরের ম্যাচেই মেলে ধরেছেন নিজেকে। তার ব্যাটিং ঝড়ে উড়ে গেছে বাংলাদেশ। ধর্মশালায় ইনিংস শুরু করতে নেমে বিধ্বংসী ব্যাটিংয়ে এলোমেলো করে দিয়েছেন প্রতিপক্ষের বোলিং। তার সৌজন্যে ৯ উইকেটে ৩৬৪ রানের বিশাল পুঁজি গড়তে পেরেছে ইংল্যান্ড। যে রান তাড়ায় নেমে ২২৭ রানেই থেমে গেছে বাংলাদেশ।

বাংলাদেশের বিপক্ষে চলতি বছর এটি মালানের দ্বিতীয় সেঞ্চুরি। গত মার্চে মিরপুরের মন্থর উইকেটে ১১১ রানের অপরাজিত ইনিংস খেলে হাড্ডাহাড্ডি ম্যাচে ইংলিশদের জেতান তিনি। এবার বিশ্বকাপেও একই প্রতিপক্ষের সঙ্গে হাসল তার ব্যাট। বাংলাদেশের বিপক্ষে তার দুর্দান্ত এই পারফরম্যান্সের পেছনের রহস্য খোলাসা করে মালান ম্যাচ-পরবর্তী সংবাদ সম্মেলনে বলেন, ‘আমি ভাগ্যবান যে বাংলাদেশ প্রিমিয়ার লিগে বেশ কিছু ম্যাচ খেলতে পেরেছি। এই ক্রিকেটারদের বিপক্ষে এবং ভিন্ন ভিন্ন কন্ডিশনে খেলার অভিজ্ঞতা হয়েছে। যেখানে চট্টগ্রামের মতো ভালো উইকেট ছিল, মাঝেমধ্যে ঢাকার উইকেট নিচু ছিল। এতে একই প্রতিপক্ষের সঙ্গে ভিন্ন উপায়ে খেলার শিক্ষা পেয়েছি। অবশ্যই বিপিএলে খেলা সাহায্য করেছে।’

২০১৬ সাল থেকে এখন পর্যন্ত বিপিএলে চারটি ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলছেন মালান। বাংলাদেশের এই ঘরোয়া টি-টোয়েন্টি লিগে তার রয়েছে ২৮ ম্যাচ খেলার অভিজ্ঞতা। ১৩১.৩৬ স্ট্রাইক রেটে রান করেছেন ৮৬৯। এক সেঞ্চুরির পাশাপাশি ফিফটি করেছেন পাঁচটি। বাংলাদেশ ক্রিকেটার সঙ্গে কিংবা বিপক্ষে খেলার সুবাদে তাদের সম্পর্কে যে ধারণা পেয়েছেন তিনি, সেটাই কাজে লেগেছে বলে উল্লেখ করেছেন মালান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত