এবারের বিশ্বকাপে অংশ নেয়া দশ দলের মধ্যে সবচেয়ে চমৎকারভাবে শুরু করেছে দক্ষিণ আফ্রিকা। দিল্লিতে শ্রীলঙ্কার বিপক্ষে বিশ্বকাপ ইতিহাসে রেকর্ড সর্বোচ্চ ৪২৮ রান করে প্রোটিয়ারা। ওই এক ম্যাচেই তিন প্রোটিয়া ব্যাটসম্যানের উইলো থেকে আসে সেঞ্চুরি। রানের ফুলঝুড়ি তোলা ম্যাচটি দক্ষিণ আফ্রিকা জিতে নেয় ১০২ রানের বড় ব্যবধানে।
আইসিসির ওয়েবসাইটে লেখা কলামে ডি ভিলিয়ার্স প্রোটিয়া জার্সিতে নিজের অভিজ্ঞতার ঝুলি মেলে ধরেন। তার অভিজ্ঞতার পাতা থেকেই বর্তমান প্রজন্মকে সাবধান হতে বলেছেন। বিশ্বকাপের আসরে প্রোটিয়ারা বরাবরই দূর্দান্ত শুরু করে শেষে গিয়ে হোঁচট খায়। দেশটির সমর্থকদের আস্থা পুরোপুরি অর্জন করতে তাই ব্যাটসম্যানদের চাপের মধ্যে ভালো প্রদর্শন করে দেখাতে হবে বলে মনে করেন তিনি।
দক্ষিণ আফ্রিকা পরের ম্যাচ খেলবে লখনৌতে অস্ট্রেলিয়ার বিপক্ষে। অস্ট্রেলিয়া তাদের প্রথম ম্যাচে ভারতের কাছে লড়াইবিহীন হার দিয়ে বিশ্বকাপ শুরু করেছে। ডি ভিলিয়ার্স মনে করেন, প্রথম ম্যাচ হেরে আত্মবিশ্বাসে ধাক্কা খাওয়া অস্ট্রেলিয়ার বিপক্ষে দারুণ কিছু করার সামর্থ্য রয়েছে প্রোটিয়াদের।
তবে আহত অস্ট্রেলিয়া দল যে ভয়ংকর হয়ে উঠতে পারে সেটিও মনে করিয়ে দিয়েছেন ডি ভিলিয়ার্স। তার মতে, ‘অস্ট্রেলিয়ার শক্তিশালী বোলিং লাইনআপের বিপক্ষে লড়াইটা বেশ কঠিন হবে। অজিরা পরীক্ষা নেবে আমাদের।’
ডি ভিলিয়ার্স মনে করেন, ‘প্রোটিয়া বোলাররাই এই ম্যাচে বড় ব্যবধান গড়ে দিতে পারেন। অজিদের চাপে ফেলার বড় অস্ত্র হলো দ্রুতই ওদের কিছু উইকেট তুলে নেয়া। আমাদের বোলাররা এই কাজে সফল হলে ম্যাচ জেতা অনেকখানি সহজ হয়ে যাবে।’
অস্ট্রেলিয়ার ব্যাটিং লাইনআপে সবচেয়ে অভিজ্ঞ ব্যাটার স্টিভ স্মিথের ব্যাপারে সাবধানী হতে পরামর্শ দিয়েছেন মিস্টার থ্রি সিক্সটি। বড় মঞ্চের খেলোয়াড় স্মিথ দায়িত্ব নিয়ে অজিদের আগলে রাখতে জানেন। তাই রাবাদা-ইয়ানসেনের কাঁধে স্মিথকে দ্রুত ফেরানোর দায়িত্ব চাপিয়ে দিয়েছেন তিনি।
