উদ্বোধনী অনুষ্ঠানের আঁচ থাকবে ভারত পাকিস্তান ম্যাচে

আপডেট : ১২ অক্টোবর ২০২৩, ১২:১৬ এএম

এবারের বিশ্বকাপে ভারত গতকাল নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলেছে আফগানিস্তানের বিপক্ষে। স্বাগতিকদের পরবর্তী ম্যাচ পাকিস্তানের বিপক্ষে। শনিবারের এই ম্যাচ নিয়ে ভক্ত-সমর্থকদের মধ্যে বিরাজ করছে বাড়তি উন্মাদনা। মাঠে ও মাঠের বাইরের নানা কারণে আলোচনায় ভারত-পাকিস্তান ম্যাচ।

এবার বিশ্বকাপে হয়নি উদ্বোধনী অনুষ্ঠান। তাতে সমালোচনা হয় বিসিসিআইয়ের। তবে গণমাধ্যমে খবর ভারত-পাকিস্তান ম্যাচের আগে হবে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠান। রজনীকান্ত, অমিতাভ বচ্চন এবং শচিন টেন্ডুলকার উপস্থিত থাকবেন মাঠে। সংগীত পরিবেশন করবেন জনপ্রিয় শিল্পী অরিজিৎ সিং। ৩০ মিনিট হতে পারে অনুষ্ঠানটি।

এতো গেল জাঁকজমকের বিষয়। বিশ্বকাপ আয়োজনে আরেক কারণেও সমালোচিত হয় ভারত। পাকিস্তানি সমর্থক, সাংবাদিকদের ভিসা জটিলতা। অবশেষে সেই জটিলতার সমাধানও হচ্ছে এই ম্যাচের আগে। ৬০ পাকিস্তানি সাংবাদিককে ভিসা দিতে যাচ্ছে ভারত। ম্যাচের আগে সমর্থকরাও ভিসা পাবেন বলে মনে করা হচ্ছে। যদি না পান, অনেকের টিকিটের টাকা জলে যাবে।

ডেঙ্গু হওয়ায় বিশ্বকাপের প্রথম দুই ম্যাচে ভারত দলে ছিলেন না শুবমান গিল। তবে গিল পাকিস্তানের বিপক্ষে ম্যাচের সময় দলের সঙ্গে যোগ দেবেন। পুরো ফিট থাকলে খেলতে পারেন পাকিস্তানের বিপক্ষে ম্যাচও।

দুই চিরপ্রতিদ্বন্দ্বী মুখোমুখি হওয়ার ম্যাচে মোতায়েন করা হচ্ছে প্রায় ১১ হাজার নিরাপত্তাকর্মী। এরই মধ্যে ই-মেইলে হুমকি বার্তা পাঠানো একজনকে গ্রেপ্তারও করা হয়েছে। সব মিলিয়ে ১৪ অক্টোবরের অপেক্ষায় আছেন ক্রিকেটপ্রেমীরা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত