বিদেশি বিনিয়োগ উন্নয়নে সিরাজগঞ্জ অর্থনৈতিক অঞ্চল এবং অস্ট্রেলিয়া বাংলাদেশ বিজনেস ফোমামের (এবিবিএফ) মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর হয়েছে। গতকাল বেজা কার্যালয়ে এ সমঝোতা স্মারক স্বাক্ষর হয়, যার উদ্দেশ হলো সিরাজগঞ্জ অর্থনৈতিক অঞ্চলসহ সব অর্থনৈতিক অঞ্চলে অস্ট্রেলিয়া ও সেখানে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের বিনিয়োগ আনয়ন ও আকর্ষণে কাজ করা।
‘এবিবিএফ’ অস্ট্রেলিয়ায় অবস্থিত প্রবাসী ব্যবসায়ী বাংলাদেশিদের একটি ফোরাম, যার অধীনে প্রায় ৬০০ ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। এই সমঝোতা স্মারক স্বাক্ষরের ফলে সিরাজগঞ্জ অর্থনৈতিক অঞ্চলে বৈদেশিক বিনিয়োগের নতুন ক্ষেত্র প্রসারিত হবে। এই স্মারকের অংশ হিসেবে উভয় দেশে একাধিক রোড শো ছাড়াও সেমিনার আয়োজনের পরিকল্পনা রয়েছে, যেখানে সব অর্থনৈতিক অঞ্চলে পরিকল্পিত শিল্পায়নের সুযোগসমূহ উপস্থাপনের মাধ্যমে বিনিয়োগ আকর্ষণ ত্বরান্বিত হবে।
সিরাজগঞ্জ অর্থনৈতিক অঞ্চল হলো দেশের অন্যতম এবং উত্তরাঞ্চলের সর্বপ্রথম অর্থনৈতিক অঞ্চল, যা যমুনা নদীর তীরে ১ হাজার ৩৬ একর জমির ওপর অবস্থিত। ২০১৮ সালে বেসরকারি অর্থনৈতিক অঞ্চল হিসেবে এটি লাইসেন্স প্রাপ্ত হয়। ইতিমধ্যে ১৮টি প্রতিষ্ঠানের সঙ্গে জমি বরাদ্দে চুক্তি স্বাক্ষর হয়েছে।
