নরসিংদীতে ছাত্রদল নেতা হত্যা মামলায় জেলা ছাত্রদলের সভাপতি সিদ্দিকুর রহমান নাহিদকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। পরে শহরের চিনিশপুরে জেলা বিএনপির অস্থায়ী কার্যালয় ও বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকনের বাড়িতে অভিযান চালিয়ে একটি বিদেশী পিস্তল ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে বলে দাবি পুলিশের।
গতকাল বৃহস্পতিবার (১২ অক্টোবর) বিকেলে ঢাকার শাহবাগ থানার সোহরাওয়ার্দী উদ্যানের সামনে থেকে নাহিদকে নরসিংদী ডিবি পুলিশ গ্রেপ্তার করে।
আজ শুক্রবার দুপুরে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোকন চন্দ্র সরকার। এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করে বিবৃতি দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ।
গোয়েন্দা পুলিশের সংবাদ বিজ্ঞপ্তিতে দাবি করা হয়, ছাত্রদলের বহিষ্কৃত নেতা সাদেকুর রহমানসহ জোড়া হত্যা মামলায় এজাহার নামিয় আসামি ছিলেন জেলা ছাত্রদল সভাপতি সিদ্দিকুর রহমান নাহিদ। হত্যাকাণ্ডের পর থেকে সে গা ঢাকা দিয়েছিল। বৃহস্পতিবার ঢাকার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট তথা শাহবাগ এলাকায় অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশের ওসি খোকন চন্দ্র সরকারের নেতৃত্বে ডিবি পুলিশের একটি দল ওই এলাকায় অভিযান চালায়। পরে শাহবাগ এলাকা সোহরাওয়ার্দী উদ্দানের সামনে থেকে নাহিদকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে নিয়ে অভিযানে নামে পুলিশ। পরে তার দেয়া তথ্যের ভিত্তিতে চিনিশপুরে বিএনপির যুগ্ম মহাসচিব ও জেলা বিএনপির আহ্বায়ক খায়রুল কবির খোকনের বাড়ির ২য় তলার উত্তর পাশের বাথরুমের ফলস ছাদের পশ্চিম পাশে লুকানো অবস্থায় একটি বিদেশী পিস্তল দুই রাউন্ড গুলি উদ্ধার করে পুলিশ।
নাহিদের পারিবারিক সূত্রে জানা যায়, রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ (আইইবি) মিলনায়তনে ছাত্র ঐক্যের কনভেনশন চলাকালে নাহিদকে আইনশৃঙ্খলা বাহিনির পরিচয়ে আটক করা হয়। পরে তার চোখ বেঁধে গাড়িতে তুলে নিয়ে যাওয়া হয়। ওই সময় তার সাথে ছাত্রদলের দুই কর্মী ছিলেন। তাদেরকেও আটক করা হয়। পরে তাদেরকে মাধবদী এসে ছেড়ে দেয়া হয়। এর আগে বিএনপির আন্দোলন ঠেকাতে ২০১৭ সালে আইনশৃঙ্খলা বাহিনির পরিচয়ে নাহিদকে বাড়ি থেকে তুলে নিয়ে যাওয়া হয়। পরে ৯মাস নিখোঁজ থাকার পর অস্ত্র উদ্ধার দেখিয়ে তাকে কারাগারে পাঠানো হয়।
জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোকন চন্দ্র সরকার বলেন, জোড়া হত্যা মামলায় পলাতক আসামি ছিলেন জেলা ছাত্রদল সভাপতি সিদ্দিকুর রহমান নাহিদ। গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়। পরে তার দেখানো তথ্যের ভিত্তিতে একটি বিদেশী পিস্তল ও ২ রাউন্ড গুলি উদ্ধার হয়। তার বিরুদ্ধে ১৬টি মামলা রয়েছে।
ছাত্রদল সভাপতিকে আটকের পর পর তাৎক্ষনিক গ্রেপ্তারে বিষয়টি প্রকাশ করেনি পুলিশ। তাই এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
এক বিবৃতিতে মির্জা ফখরুল বলেন, আইনশৃঙ্খলা বাহিনী কর্তৃক বিরোধীদলীয় কোনো নেতাকর্মীকে আটক এবং হদিস না দেওয়াটা ভয়াবহ অমানবিক ও দস্যুবৃত্তিমূলক কাজ। আওয়ামী শাসকগোষ্ঠী ক্ষমতায় থেকে এ ধরনের ঘটনাকে একটি সংস্কৃতিতে পরিণত করেছে। রাষ্ট্রের মদদে এখনও বিরোধী দল নিধনে বেপরোয়া কর্মকান্ড পরিচালিত হচ্ছে।
