‘বলী’র বুসান জয়

আপডেট : ১৩ অক্টোবর ২০২৩, ১১:০৯ পিএম

বুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবকে এশিয়ার সবচেয়ে বড় ও মর্যাদাপূর্ণ চলচ্চিত্র উৎসব বলে বিবেচনা করা হয়। সদ্য শেষ হওয়া ২৮তম বুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের নিউ কারেন্টস বিভাগে পুরস্কার জিতেছে ইকবাল হোসাইন চৌধুরী পরিচালিত বাংলাদেশের সিনেমা ‘বলী : দ্য রেসলার’। ‘বলী’ ছাড়া এ বিভাগে পুরস্কার জিতেছে জাপানের মোরি তাতসুয়ার ‘সেপ্টেম্বর ১৯২৩’। দুই সিনেমাই পুরস্কার হিসেবে ৩০ হাজার ডলার পেয়েছে। গতকাল বাংলাদেশ সময় সকালে উৎসবের সমাপনী দিনে এ পুরস্কার ঘোষণা করা হয়। বুসান উৎসবের অফিশিয়াল ওয়েবসাইট ও ফেসবুক পেজে পুরস্কারের তালিকা প্রকাশ করা হয়েছে।

ইকবাল হোসাইন চৌধুরী পরিচালিত ‘বলী : দ্য রেসলার’ সিনেমাটি সম্পর্কে বুসান উৎসবে নিউ কারেন্টস বিভাগের বিচারকদের পক্ষ থেকে বলা হয়েছে, ‘ইকবাল হোসাইন চৌধুরীর “দ্য রেসলার” ছবিটি যেন দুর্দান্ত এক সিঙ্গেল রাউন্ড ম্যাচ, যেখানে জাদুকরিভাবে গল্প বলা হয়েছে।’

২০২০-২১ অর্থবছরে সরকারি অনুদানের ছবি ‘বলী : দ্য রেসলার’। ছবিটির প্রযোজক পিপলু আর খান। প্রধান চরিত্রে অভিনয় করেছেন নাসির উদ্দিন খান। সাগরপাড়ের এক খ্যাপাটে জেলের চরিত্রে দেখা গেছে তাকে। পরিচালক ইকবাল হোসাইন চৌধুরী বলেন, ‘বলী সাগরপাড়ের গল্প। সাগরের মতোই বলী ছবির মূলত দুটি রূপ। একটি খুবই শান্ত, রহস্যময়। আরেকটি খুবই নিষ্ঠুর বিধ্বংসী রূপ। সিনেমার দুটি পোস্টারে এ দুই রূপ ধরা পড়েছে। গত বছরের এপ্রিল-মে মাসে ছবিটির টানা শুটিং হয়েছে চট্টগ্রামের উপকূলীয় এলাকায়। তারও আগে লম্বা সময় নিয়ে চলেছে ছবির অডিশন। চট্টগ্রাম ও ঢাকার মঞ্চের একদল নবীন প্রতিভাবান শিল্পী কাজ করেছেন এ সিনেমায়। এ বছরের শেষে সিনেমাটি প্রেক্ষাগৃহে আসতে পারে।’

এ বছর বুসান চলচ্চিত্র উৎসবে অংশ নিয়েছে বাংলাদেশের তিন সিনেমা। এর মধ্যে ‘বলী’ ছাড়াও ছিল বিপ্লব সরকারের ‘আগন্তুক’ এবং মোস্তফা সরয়ার ফারুকীর ‘অটোবায়োগ্রাফি’।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত