বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি ও উন্নত চিকিৎসার জন্য বিদেশ প্রেরণের দাবিতে দেশের বিভিন্ন স্থানে গণঅনশন কর্মসূচি পালন করেছে বিএনপি। কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে গতকাল শনিবার বিভিন্ন মহানগর ও জেলা পর্যায়ে এ কর্মসূচি পালিত হয়। এ সময় নেতারা দাবি করেন, সুচিকিৎসার অভাবে খালেদা জিয়ার জীবন হুমকির মুখে। তাকে চিকিৎসা থেকে বঞ্চিত করা মানবতাবিরোধী অপরাধ। ঢাকার বাইরের ব্যুরো, নিজস্ব প্রতিবেদক, প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো প্রতিবেদন :
চট্টগ্রাম : চট্টগ্রাম মহানগর ও দক্ষিণ জেলা বিএনপির উদ্যোগে নাসিমন ভবনের দলীয় কার্যালয়ের সামনে সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত গণঅনশন কর্মসূচি পালন করা হয়। এ সময় মহানগর বিএনপির আহ্বায়ক ডা. শাহাদাত হোসেন বলেন, ‘বেগম খালেদা জিয়া এখন জীবন মৃত্যুর সন্ধিক্ষণে। তাকে বিদেশে উন্নত চিকিৎসাসেবা থেকে বঞ্চিত করে সরকার মানবতাবিরোধী অপরাধ করছে।’
কর্মসূচিতে আরও বক্তব্য দেন, কেন্দ্রীয় বিএনপির শ্রম সম্পাদক এ এম নাজিম উদ্দীন, মহানগর বিএনপির সদস্য সচিব আবুল হাশেম বক্কর, দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আবু সুফিয়ান, মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলহাজ এম এ আজিজ, দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক এনামুল হক এনাম প্রমুখ।
বরিশাল : সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত বরিশাল নগরীর অশ্বিনী কুমার হলের দুপাশে মহানগর ও উত্তর জেলা বিএনপি যৌথভাবে এবং দক্ষিণ জেলা বিএনপি পৃথক অনশন করে।
মহানগর ও উত্তর জেলার কর্মসূচিতে নগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান খান ফারুকের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, মহানগর সদস্য সচিব মীর জাহিদুল কবির জাহিদ, উত্তর জেলার আহ্বায়ক মুক্তিযোদ্ধা দেওয়ান মো. শহিদুল্লাহ, সদস্য সচিব মিজানুর রহমান মুকুল প্রমুখ।
অন্যদিকে দক্ষিণ জেলার কর্মসূচিতে আহ্বায়ক আবুল হোসেন খানের সভাপতিত্বে সদস্য সচিব আবুল কালাম শাহিন, আকন কুদ্দুসুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
রাজশাহী : সকাল সাড়ে ১০টায় জেলা ও মহানগর বিএনপি নেতাকর্মীদের অংশগ্রহণে নগরীর ভূবনমোহন পার্কে কর্মসূচি শুরু হয়। মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট এরশাদ আলী ঈশার সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু। প্রধান বক্তা ছিলেন অ্যাডভোকেট শাহীন শওকত খালেক।
খুলনা : বেলা ১১টায় নগরীর কে ডি ঘোষ রোডের দলীয় কার্যালয়ের সামনে মহানগর ও জেলা বিএনপির উদ্যোগে অনশন কর্মসূচি হয়। মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট এস এম শফিকুল আলম মনার সভাপতিত্বে এতে বক্তব্য দেন, বিএনপির তথ্যবিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল, সহসাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কু-ু, জেলা বিএনপির আহ্বায়ক আমীর এজাজ খান প্রমুখ।
চাঁপাইনবাবগঞ্জ : জেলা বিএনপির আহ্বায়ক গোলাম জাকারিয়ার নেতৃত্বে জেলা প্রেস ক্লাবের সামনে একাংশ এবং শহরের বাতেন খাঁর মোড় এলাকায় জেলা বিএনপির সদস্য সচিব রফিকুল ইসলামের নেতৃত্বে অন্য অংশ গণঅনশন কর্মসূচি পালন করে।
ফরিদপুর : জেলা ও মহানগর বিএনপির উদ্যোগে বেলা সাড়ে ১১টায় শহরের কাটপট্টিতে দলীয় কার্যালয়ের সামনে গণঅনশন কর্মসূচি পালন হয়। মহানগর বিএনপির সভাপতি এএফএম কাইয়ুম জঙ্গীর সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা মিরাজ, জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট মোদারেস আলী ইসা প্রমুখ।
নীলফামারী : বেলা ১১টার দিকে জেলা শহরের পৌর সুপার মার্কেট চত্বরে গণঅনশন কর্মসূচি পালন করে জেলা বিএনপি। জেলা বিএনপির সভাপতি আ খ ম আলমগীর সরকার এতে সভাপতিত্ব করেন।
জামালপুর : বেলা ১১টার দিকে জেলা বিএনপির আয়োজনে পৌর শহরের শফির মিয়ার বাজার দলীয় কার্যালয়ের সামনে গণঅনশন পালিত হয়। জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবির তালুকদার শামীম এতে সভাপতিত্ব করেন।
পঞ্চগড় : শহরের সোনালী ব্যাংক চত্বরে সকাল থেকে দুপুর পর্যন্ত গণঅনশন কর্মসূচি পালন করে জেলা বিএনপি। আহ্বায়ক জহিরুল ইসলাম কাচ্চুর সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন, ফরহাদ হোসেন আজাদ, তৌহিদুল ইসলাম প্রমুখ।
