ভারতে যাচ্ছেন চোট কাটিয়ে ওঠা হেড

আপডেট : ১৫ অক্টোবর ২০২৩, ০১:৫৪ পিএম

প্রত্যাশার চেয়ে দ্রুত সেরে উঠেছেন ট্রাভিস হেড। এরই মধ্যে তিনি ফিরেছেন ব্যাটিং অনুশীলনে। বাম হাতের চোট কাটিয়ে চলতি সপ্তাহের শেষ দিকে তিনি যোগ দেবেন অস্ট্রেলিয়ার বিশ্বকাপ দলে।

শুরু থেকেই বিশ্বকাপের জন্য ঘোষিত অস্ট্রেলিয়ার ১৫ জনের দলে রয়েছেন হেড। গত মাসে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে চতুর্থ ওয়ানডেতে জেরল্ড কুটসিয়ার বাউন্সারে বাম হাতে চোট পান বাঁহাতি ওপেনার। স্ক্যানে চিড় ধরা পড়ে তার।

হেডকে দেশে রেখেই বিশ্বকাপ খেলতে ভারতে যায় অস্ট্রেলিয়া। টুর্নামেন্টের শেষ দিকে পাওয়ার আশায় স্কোয়াডে রেখে দেওয়া হয় ২৯ বছর বয়সী ব্যাটসম্যানকে। এবার মাঝপথেই তিনি দলে ফেরার অপেক্ষায়। গত শুক্রবার হাতের ব্যান্ডেজ খুলে থ্রো ডাউনে ব্যাটিং শুরু করেছেন হেড। এই সপ্তাহে স্বাভাবিকভাবে পূর্ণ মাত্রার ব্যাটিং অনুশীলন করবেন তিনি। পরে অ্যাডিলেইড থেকে আগামী বৃহস্পতিবার ভারতের উদ্দেশে উড়াল দেওয়ার কথা রয়েছে তার।

বেঙ্গালোরে আগামী শুক্রবার পাকিস্তানের বিপক্ষে ম্যাচটি খেলতে পারবেন না হেড। নেদারল্যান্ডসের বিপক্ষে ২৫ অক্টোবরের ম্যাচ থেকে একাদশে থাকার জন্য তৈরি থাকবেন তিনি। এরপর নিউ জিল্যান্ড, ইংল্যান্ড, আফগানিস্তান, বাংলাদেশের বিপক্ষে খেলবে অস্ট্রেলিয়া।

ক্রিকেট অস্ট্রেলিয়ার ওয়েবসাইটে চোটের ব্যাপারে সবশেষ তথ্য জানিয়েছেন হেড নিজেই, 'ভালোভাবেই এগোচ্ছে এবং সম্ভবত আমাদের আশার চেয়েও ভালো। আমরা যখন অস্ত্রোপচার না করার সিদ্ধান্ত নিই, যেটি করলে ১০ সপ্তাহ লেগে যেত, তখন বলা হয়েছিল ব্যান্ডেজ অন্তত ৬ সপ্তাহ রাখা লাগবে। সেই পরিকল্পনা অনুযায়ী, নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচটি ছয় সপ্তাহের কিছু কম সময়ের মধ্যে হবে যা কিছুটা তাড়াহুড়ো হবে। তাই ওই ম্যাচ ধরার জন্য এখন থেকে সবকিছু সুন্দরভাবে যেতে হবে।”

হেডের ফেরার খবর নিশ্চিতভাবেই স্বস্তি জোগাবে অস্ট্রেলিয়া দলে। ভারতের কাছে প্রথম ম্যাচে হারের পর দক্ষিণ আফ্রিকার সঙ্গে লড়াইও করতে পারেনি পাঁচ বারের বিশ্ব চ্যাম্পিয়নরা।

লক্ষ্ণৌতে সোমবার তাদের প্রতিপক্ষ শ্রীলঙ্কা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত