গাছের ডাল বাঁধা নিয়ে স্বামী-স্ত্রীকে পিটিয়ে আহত

আপডেট : ১৬ অক্টোবর ২০২৩, ১১:২১ পিএম

কুমিল্লার নাঙ্গলকোটে নারিকেলগাছের ডাল বাঁধা নিয়ে দ্বন্দ্বের জেরে স্বামী-স্ত্রীকে পিটিয়ে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে। গতকাল সোমবার উপজেলার ঢালুয়া ইউনিয়নের ছাতারকান্দি গ্রামে এ ঘটনা ঘটে। আহতরা হলেন ওই গ্রামের আবদুল মমিন (৭০) ও তার স্ত্রী হাজেরা বেগম (৪০)।

এলাকাবাসী সূত্রে জানা যায়, গতকাল সকালে আবদুল মমিন নিজ বাড়িতে ঢোকার পথে একটি নারিকেলগাছের কয়েকটি ডাল বেঁধে দেন। এতে গাছের মালিক আমিন মিয়া এসে বাধা দিলে উভয় পক্ষের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে আমিন ও তার স্ত্রী-ছেলেসহ পরিবারের সদস্যরা মিলে আবদুল মমিনকে এলোপাতাড়ি পিটিয়ে গুরুতর আহত করেন। এ সময় মমিনের স্ত্রী হাজেরা এগিয়ে এলে তাকেও এলোপাতাড়ি পিটিয়ে গুরুতর আহত করা হয়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে নাঙ্গলকোট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

আহত হাজেরা বেগম বলেন, ‘বাড়িতে ঢোকার পথে নারিকেলগাছের পাতা চোখে-মুখে লাগে। সে জন্য আমার স্বামী রশি দিয়ে ওই গাছের কয়েকটি ডাল বেঁধে দেন। এতে আমিন ও তার ছেলেমেয়ে ও স্ত্রী মিলে আমার স্বামীকে পিটিয়ে আহত করে। আমি এ ঘটনার সুষ্ঠু বিচার চাই।’

এ বিষয়ে কথা বলতে অভিযুক্ত আমিন মিয়ার মোবাইল ফোনে কয়েকবার কল করলেও তিনি ধরেননি।

নাঙ্গলকোট থানার ওসি দেবাশীষ চৌধুরী বলেন, ‘অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত