এ মাসের গত ১৬ দিনে ডেঙ্গুতে মৃত্যু ২০০ ছুঁইছুঁই। গত ২৪ ঘণ্টায় (গতকাল সোমবার সকাল ৮টা পর্যন্ত) আরও ১২ জন মারা গেছে। তাদের মধ্যে ঢাকার বাইরে সাতজন ও ঢাকায় পাঁচজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এই মাসের ১৬ দিনে মারা গেল ১৯২ জন। এর ফলে এ মাসে এখন পর্যন্ত দৈনিক গড় মৃত্যু দাঁড়াল ১২ জনে। অবশ্য মৃত্যুর এ সংখ্যা এখনো গত মাস সেপ্টেম্বরের চেয়ে কিছুটা কম রয়েছে। সে মাসের ১৬ দিনে মৃত্যু ছিল ২১১ জন ও দৈনিক গড় মৃত্যু ছিল ১৩ জন করে।
গত তিন দিন ধরে দেশে ডেঙ্গুতে মৃত্যু বাড়ছে। গতকালের আগে সর্বোচ্চ মৃত্যু ছিল ১৩ জন গত ১৩ অক্টোবর। এর পরদিন গত শনিবার মৃত্যু কমে ১০ জনে নেমে আসে। কিন্তু পরদিন থেকেই আবার একজন করে মৃত্যু বাড়তে থাকে। গত রবিবার মারা যায় ১১ জন ও গতকাল ১২ জন।
একইভাবে গত চার দিন ধরে ডেঙ্গু রোগী বাড়ছে। গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতালে ২ হাজার ৪৭৫ জন ভর্তি হয়েছে। তাদের মধ্যে ঢাকায় ভর্তি হয়েছে ৫৩৯ ও ঢাকার বাইরে ১ হাজার ৯৩৬ জন। অর্থাৎ ঢাকার বাইরে চারগুণ রোগী বেশি ভর্তি হয়েছে। এর আগে সর্বশেষ সর্বোচ্চ ২ হাজার ৩২৭ রোগী ছিল গত ১২ সেপ্টেম্বর বৃহস্পতিবার। পরদিন রোগী কমে ১ হাজার ৬৭৩ জনে নেমে আসে। কিন্তু তার পরদিন থেকেই রোগী বাড়তে থাকে। গত শনিবার ভর্তি রোগী বেড়ে দাঁড়ায় ২ হাজার ৪৭ জন, রবিবার ২ হাজার ৩৬৩ ও গতকাল ২ হাজার ৪৭৫ জন।
এ নিয়ে এই বছর ডেঙ্গুতে মারা গেল ১ হাজার ১৮১ জন। তাদের মধ্যে ঢাকায় মারা গেছে ৭৩৫ ও ঢাকার বাইরে ৪৪৬ জন। মোট মৃত্যুর ৫৭ শতাংশ বা ৬৭০ নারী ও ৪৩ শতাংশ বা ৫১১ জন পুরুষ। সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে ৩৬-৪০ বছর বয়সীদের ১০ শতাংশ। এরপর ৯ শতাংশ করে মারা গেছে ২৬-৩০ বছর ও ৩১-৩৫ বছর বয়সী রোগী। সবচেয়ে কম মৃত্যু হয়েছে ৭৬-৮০ বছর ও ৮০ ঊর্ধ্ব বয়সীদের ২ শতাংশ করে।
এ বছর হাসপাতালে রোগী ভর্তি হয়েছে ২ লাখ ৪২ হাজার ৮৯ জন। তাদের মধ্যে ঢাকার বাইরে রোগীর সংখ্যা ১ লাখ ৪৯ হাজার ৫৪৫, যা মোট রোগীর ৬২ শতাংশ। বাকি ৩৮ শতাংশ বা ৯২ হাজার ৫৪৪ রোগী ঢাকায়। এর মধ্যে এ মাসের গত ১৬ দিনেই ভর্তি হয়েছে ৩৮ হাজার ৬৮৩ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি আছে ৮ হাজার ১৪৯ জন ডেঙ্গু রোগী। তাদের মধ্যে ঢাকায় ২ হাজার ৩৯১ এবং ঢাকার বাইরে ভর্তি রয়েছে ৫ হাজার ৭৫৮ জন।
