ইরানে কিন্ডারগার্টেন ও প্রাথমিক বিদ্যালয়ে ইংরেজি, আরবিসহ সব ধরনের বিদেশি ভাষা শিক্ষা নিষিদ্ধ করা হয়েছে। ইরানের শিক্ষা মন্ত্রণালয়ের বরাতে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম ইরনা এ তথ্য জানিয়েছে।
ইরানের শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা মাসুদ তেহরানি-ফারজাদ বলেন, কিন্ডারগার্টেন, নার্সারি স্কুল ও প্রাথমিক বিদ্যালয়ে বিদেশি ভাষা শেখানো নিষিদ্ধ। কারণ এই বয়সে শিশুর ইরানি পরিচয় তৈরি হয়। তিনি বলেন, বিদেশি ভাষা শিক্ষার ওপর নিষেধাজ্ঞা শুধু ইংরেজির ওপর নয়, আরবিসহ অন্য ভাষাগুলোর সঙ্গেও সম্পর্কিত। এর আগে ২০১৮ সালে প্রাথমিক বিদ্যালয়ে ইংরেজি ভাষা শিক্ষা নিষিদ্ধ করেছিল ইরান, যদিও মাধ্যমিক বিদ্যালয় থেকে ভাষাটি পড়ানো হয়। বিবিসি বলছে, গত বছরের জুনে ইংরেজি ভাষার একচেটিয়া আধিপত্য দূর করতে সারা দেশে স্কুলে পরীক্ষামূলকভাবে ফরাসি শেখানোর পরিকল্পনার ইঙ্গিত দিয়েছিল ইরানের শিক্ষা মন্ত্রণালয়।
