লেবাননের গ্রামেও হামলা চালাল ইসরায়েল

আপডেট : ১৯ অক্টোবর ২০২৩, ১১:২৭ এএম

লেবাননের দক্ষিণাঞ্চলের দুটি গ্রামে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরায়েল। বৃহস্পতিবার ভোরে এসব হামলা চালায় ইসরায়েলি বাহিনী। লেবাননের আল মায়াদিন টিভিতে এ সংক্রান্ত খবর সম্প্রচারিত হয়েছে।

গ্রাম দুটি ইসরায়েল-লেবানন সীমান্তসংলগ্ন। ধারণা করা হচ্ছে, লেবাননের কাফল শুবা ও ওদেইশেহর এলাকার পাশে ক্ষেপণাস্ত্র হামলার ঘটনাটি ঘটেছে। খবর রয়টার্স ও আল জাজিরা।

তবে ইসরায়েলি বাহিনীর এ হামলায় হতাহতের কোনো খবর প্রাথমিকভাবে জানা যায়নি। যদিও লেবাননের আল মায়াদিন টিভির বরাতে আল জাজিরার প্রতিবেদনে বলা হচ্ছে হামলায় দুজন আহত হয়েছে।

এদিকে লেবাননে হিজবুল্লাহ অবস্থানে নতুন হামলার বিষয়টি নিশ্চিত করেছে ইসরায়েলি বাহিনীও। তারা জানায় যে, ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলার জবাবে লেবাননের পার্শ্ববর্তী হিজবুল্লাহর লক্ষ্যবস্তুতে আঘাত করেছে তারা।

সামরিক বাহিনী জানিয়েছে যে, হামলার লক্ষ্যবস্তুগুলির মধ্যে সমুদ্রের মুখোমুখি অবস্থিত একটি পর্যবেক্ষণ টাওয়ার ছিল, যেখান থেকে উত্তর-পশ্চিম ইসরায়েলের রোশ হানিকরাতে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছিল।

ফিলিস্তিনি সংগঠন হামাসের সঙ্গে সংঘাত শুরুর পর থেকে লেবাননের হিজবুল্লাহর বিরুদ্ধেও হামলা চালিয়ে আসছে ইসরায়েল। ইসরায়েলি সরকারের ধারণা, লেবাননের এই ইরান-সমর্থিত শিয়াপন্থী গোষ্ঠী হামাসকে সহায়তা করে থাকে।

এখন গাজার পাশাপাশি লেবাননের ভূখণ্ডে ইসরায়েলি হামলার ঘটনা আঞ্চলিক সংঘাতে রূপ নিতে পারে বলে আশঙ্কা করছেন অনেকে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত