ক্ষমতায় গেলে কি পদ্মা সেতু ভেঙে ফেলবেন : কাদের

আপডেট : ২০ অক্টোবর ২০২৩, ০৬:১৬ এএম

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে উদ্দেশ্য করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘যদি কোনো কারণে ক্ষমতার ময়ূর সিংহাসনের দেখা পান, তখন কি পদ্মা সেতু ভেঙে ফেলবেন? মেট্রোরেল ভেঙে ফেলবেন? রূপপুরে পানি দেবেন?’

গতকাল বৃহস্পতিবার সকালে রাজধানীর তেজগাঁওয়ের সড়ক ভবনে ১৫০টি সেতু ও ১৪টি ওভার পাস উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

কাদের বলেন, ‘বিএনপি ক্ষমতায় এলে রূপপুর নাকি বন্ধ করে দেবে। আমি বলেছি, এই ইউরেনিয়াম মির্জা ফখরুলের মাথায় ঢালতে হবে, তাহলে শিক্ষা হবে।’

মির্জা ফখরুলের উদ্দেশে ওবায়দুল কাদের আরও বলেন, ‘ফখরুল সাহেব, তত্ত্বাবধায়ক সরকার এখন আজিমপুর কবরস্থানে শায়িত। তত্ত্বাবধায়কের বিষয়ে কথা বলে এখন আর লাভ নেই।

তিনি বলেন, ‘আজকে দেশের একটি বিরোধী দল দেশের নামে বিষোদগার করেন। এখনো তারা (বিএনপি) যে পথে চলছে, সেটা ভুল পথ। তাদের বলি, আপনারা এই ভুল পথ ছেড়ে দিয়ে নির্বাচনের পথে আসুন।’

সেতুমন্ত্রী বলেন, ‘তারা (বিএনপি) দ্বিজাতি তত্ত্বের লাইনে চলে গেছে। তাই আমাদেরও বুঝতে হবে কোন লাইনে আমরা যাবে। সাম্প্রদায়িকতা আর জঙ্গিবাদ এই লাইন আমাদের লাইন নয়। তাদের সুযোগ দিয়ে লাভ নেই। তাদের সুযোগ দিলে গণতন্ত্র ধ্বংস হয়ে যাবে। এখন বিশ্বে কত ঘরে কত আগুন। ঘরই সামলাতে পারছেন না। আর তিনি তো (মির্জা ফখরুল) প্রতিদিনই বক্তব্য দিচ্ছেন, পশ্চিমারা নাকি আমাদের বিরুদ্ধে। মির্জা আব্বাস তো বলেন, চাঁদরাত।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত