সেমিনারে ফখরুল

বিএনপি সন্ত্রাসী দল হলে আপনারা তো সন্ত্রাসের বাবা

আপডেট : ২১ অক্টোবর ২০২৩, ০৬:২৭ এএম

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘সরকার এখন নতুন সুর শুরু করেছে, বিএনপি সন্ত্রাসী দল। গতকালও (বৃহস্পতিবার) প্রধানমন্ত্রী বলেছেন। বিএনপি সন্ত্রাসী দল হলে আপনারা কী? আপনারা তো সন্ত্রাসের বাবা।’

গতকাল শুক্রবার দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির নসরুল হামিদ মিলনায়তনে আয়োজিত এক সেমিনারে মির্জা ফখরুল এসব কথা বলেন।

‘কৃৃষি উপকরণ ও খাদ্যপণ্যের মূল্যস্ফীতি : সরকারের অব্যবস্থাপনা-কৃষক এবং জনগণের নাভিশ^াস’ শীর্ষক এই সেমিনারের আয়োজন করে বাংলাদেশ কৃষি বিশ^বিদ্যালয়ের বিএনপি সমর্থক শিক্ষকদের সংগঠন ‘সোনালী দল’। এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সংগঠনের সভাপতি অধ্যাপক গোলাম হাফিজ কেনেডী।

মির্জা ফখরুল দাবি করে বলেন, ‘ক্ষমতাসীন আওয়ামী লীগ রাষ্ট্রকেই সন্ত্রাসী রাষ্ট্র বানিয়ে ফেলেছে। ভোট দেওয়ার অধিকার চলে গেছে, বিচার পাওয়ার অধিকারও আমার নাই। সবাই জড়িত হয়ে গেছে লুটপাট আর দুর্নীতিতে। দেশকে মগের মুল্লুকে পরিণত করেছে তারা। এখান থেকে এরা বের হতে চায় না।’

তিনি বলেন, ‘আমরা শান্তিপূর্ণভাবে, নিয়মতান্ত্রিকভাবে, গণতান্ত্রিক উপায়ে আন্দোলন করছি। কারণ আমাদের তো উপায় নেই, আমরা খালি হাতে আছি। আমাদের হাতে তো বন্দুক-পিস্তল নেই যে আমি আপনাকে ভয় দেখাব, গ্রেপ্তার করে নিয়ে আসব, আপনাকে আমি ডিবিতে নিয়ে গিয়ে অত্যাচার-নির্যাতন করব, সেই ক্ষমতা তো নেই। আমাদের একটাই ক্ষমতা আছে মানুষকে সংগঠিত করা, মানুষকে বলা যে তোমরা এই অবস্থা থেকে বেরোতে চাও, মুক্তি পেতে চাও তোমার অন্য কোনো উপায় নেই, রাস্তায় বেরিয়ে আসতে হবে। আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবেন যে বিএনপির নেতা-কর্মীরা কী করছে? তারপরে যাবও সেটা হবে না। আপনাকেও রাস্তায় বেরিয়ে আসতে হবে, সবাইকে বেরিয়ে আসতে হবে।’

বিএনপি মহাসচিব বলেন, ‘সরকারের আর বেশি দিন নেই। এখন কিন্তু মাসও নেই. কয়েকটা দিন আছে। সেই দিনগুলোকে বুকের মধ্যে সাহস নিয়ে রাস্তায় নামতে হবে। আরে মারবে তো মারবে। মারছেই তো। এই ১৫ বছরে আমাদের হাজার হাজার লোককে মেরে ফেলেছে, আমাদের লোককে গুম করেছে, আমাদের ৫০ লাখ মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়েছে. গত বৃহস্পতিবার ঢাকা মহানগরীতে ৭৭ জনকে অ্যারেস্ট করেছে কোনো কথাই নেই, নামটা ঢুকিয়ে দিলে হয়ে গেল।’

মির্জা ফখরুল বলেন, ‘নির্বাচন কমিশনও বলেছে যে পরিবেশ অনুকূল নয়। তার মানে পরিবেশ অনুকূল নয়। এখনো পরিবেশ অনুকূল হয়নি। তাহলে দরকারটা কি পদত্যাগ করেন। আসো আমাদের সঙ্গে, আমাদের সঙ্গে আসো।’

তিনি দাবি করেন, ‘আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ঘুষ হিসেবে ডিসি-ইউএনওদের জন্য ৩৬৫ কোটি টাকার নতুন গাড়ি কেনা হচ্ছে। তাদের আলাদা করে টাকা দেওয়া হচ্ছে। শোনা যাচ্ছে ইতিমধ্যে ডিসি-এসপি যারা নির্বাচন পরিচালনা করবেন, তাদের কাছে টাকা পৌঁছে গেছে।’

সরকারের দুর্নীতির প্রসঙ্গ তুলে মির্জা ফখরুল বলেন, ‘গত ১৫ বছরে কী হারে ওরা লুট করেছে, দুর্নীতি করেছে, তা ভাষায় বর্ণনা করা যাবে না। জিনিসপত্রের দাম, ভ্যাট, ইনকাম ট্যাক্স মিলে প্রতিটি পয়সা আমাদের পকেট থেকে নিয়েছে। যে ঋণ করেছে, সেই ঋণের ভার আমাদের ঘাড়ে এসে পড়বে। এর বিকল্প কিছু নেই। একটাই বিকল্প এই সরকারকে সরাতে হবে। এটা আমার জন্য নয়, আপনার জন্য নয়, এ দেশকে বাঁচানোর জন্য করতে হবে।’

সংগঠনের সভাপতি গোলাম হাফিজ কেনেডীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অধ্যাপক আবুল কালাম আজাদের পরিচালনায় সেমিনারে দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান, ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু, চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আবদুস সালাম, অধ্যাপক তাজমেরী এসএ ইসলাম, কৃষক দলের হাসান জাফির তুহিন প্রমুখ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত