গাজীপুরে মামলা দিয়ে সাধারণ মানুষকে হয়রানি, রাস্তার উন্নয়ন কাজে বাধা প্রদানসহ বিভিন্ন অভিযোগে বন বিভাগের স্থানীয় কর্মকর্তাদের বিরুদ্ধে মানববন্ধন করেছে স্থানীয়রা।
আজ শনিবার (২১ অক্টোবর) বিকেলে গাজীপুর সদর উপজেলার রাজেন্দ্রপুর পেপসি গেইট এলাকায় হাজারো ভুক্তভোগী মানুষ ঢাকা-কাপাসিয়া সড়কের দু’পাশে দাঁড়িয়ে বন বিভাগের অসাধু কর্মকাণ্ডের বিরুদ্ধে বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালন করেন। মানববন্ধনে এলাকার নারী পুরুষ, শিক্ষক, চাকরিজীবী, সাধারণ কৃষকসহ কয়েকটি গ্রামের হাজারো মানুষ যোগ দেন।
এ সময় ঢাকা-কাপাসিয়া সড়কে প্রায় এক ঘণ্টা যান চলাচল বিঘ্নিত হয়। মানববন্ধনে বক্তরা রাজেন্দ্রপুর রেঞ্জের কর্মকর্তাদের বিরুদ্ধে স্থানীয় সাধারণ মানুষকে হয়রানিসহ পুরনো রাস্তাঘাট সংস্কার বন্ধের অভিযোগ তুলেন। অনুষ্ঠানে ভাওয়ালগড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সালাহ উদ্দিন সরকার সভাপতিত্বে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা শামসুল আলম, ভাওয়াল ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য ও আওয়ামী লীগ নেতা হানিফ মাহমুদ, আবিদ হোসেন বাবুল, শাহজাহান মিয়া, আজগর আলী, তারিকুল ইসলাম রিপন, যুবলীগ নেতা লিটন মিয়া, সাবেক ইউপি সদস্য শাহিদা আক্তার জসুদা প্রমুখ।
সম্প্রতি ভাওয়ালগড় ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডে সেনা চেকপোস্ট থেকে দিঘলাপাড়া অভিমুখী রাস্তার সংস্কার করতে গেলে বাধা দেন বারুইপাড়া বিট অফিসের কর্মকর্তারা। চলাচলের একমাত্র রাস্তাটি সংস্কার বন্ধ করে দেওয়ায় ফুঁসে উঠেন স্থানীয়া।
বক্তারা বলেন, বন বিভাগ তাদের জমি দিয়ে রাস্তা চলাচলে নিষেধ করলে তাদেরকেও এলাকার সাধারণ মানুষের জমি ও রাস্তা দিয়ে চলাফেরা করতে দেবে না। স্থানীয় পূর্ব নরাায়নপুর এলাকার বাসিন্দা আবু তাহের অভিযোগ করেন নিজেদের বাপ-দাদার জমিতে গড়ে উঠা বাড়ি ঘরের একটি টিন বদলাতে, গোসলখানা ও টয়লেট নির্মাণ করতে গেলেও বন বিভাগের লোকদের টাকা দিতে হয়। টাকা দিলে সব অবৈধ কাজ বৈধ। আর টাকা না দিলে বৈধ কাজেও বাধা প্রদান করেন বন বিভাগের কর্মকর্তারা।
বক্তরা বলেন, সরকারের শেষ সময়ে এলাকায় যেসব উন্নয়ন কাজ হচ্ছে পরিকল্পিতভাবে বন বিভাগের লোকজন সেসব উন্নয়ন কাজে বাধা প্রদান এমনকি এলাকাবাসীর নামে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে।
এ ব্যাপারে বন বিভাগের বাউপাড়া বিটের বিট অফিসার মো. হাবিবুর রহমান বলেন, তাদের বিরুদ্ধে স্থানীয়দের আনা সব অভিযোগ অসত্য। বন বিভাগ বনের জমি রক্ষা করছে। বন বিভাগের জমি ব্যবহার করতে হলে সরকারি একটি নিয়ম, আইন ও বিধিবিধান রয়েছে।