নাটোরের বাগাতিপাড়ায় প্রতিমা বিসর্জন দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৪ অক্টোবর) সন্ধ্যায় ৭টায় উপজেলার বিহাড়কোল বাজারে এ ঘটনা ঘটে।
মৃত কুসল কুমার সিংহ পার্থ (১৭) ওই এলাকার ব্যবসায়ী উৎপল কুমার সিংহের ছেলে। পার্থ ঢাকা আইডিয়াল কলেজের বিজ্ঞান বিভাগের দ্বাদশ শ্রেণির ছাত্র ছিলেন।
বাগাতিপাড়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল আযম খান জানান, দুর্গাপূজার আনুষ্ঠানিকতা শেষ করে গালিমপুর সর্বজনীন পূজা উদযাপন কমিটির লোকজন ও কূসল কুমার সিংহসহ সন্ধ্যার দিকে প্রতিমা বিসর্জনের জন্য বড়াল নদীতে যাচ্ছিলেন। এসময় মন্দিরের পাশে থাকা বৈদ্যুতিক তার আকষ্মিকভাবে ছিড়ে কুশল সিংহের পায়ে স্পর্শ করলে তিনি অসুস্থ হয়ে পড়েন। এ অবস্থায় স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে বাগাতিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে বাগাতিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত মেডিকেল অফিসার ডা. রেজাউল করিম জানান, হাসপাতালে নিয়ে আসার আগেই কূসল কুমার সিংহের মৃত্যু হয়েছে। তবুও তার পরিবার তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।
