কারাবন্দি নেতাদের মুক্তি না দিলে নির্বাচন হতে দেওয়া হবে না: বাবুনগরী

আপডেট : ২৫ অক্টোবর ২০২৩, ০৫:২০ পিএম

হেফাজতে ইসলামীর আমির মহিব্বুল্লাহ বাবুনগরী বলেছেন, গদি রক্ষা করতে হলে অবিলম্বে আলেম-ওলামাদের মুক্তি দিতে হবে। জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার আগেই কারাবন্দি মামুনুল হকসহ হেফাজতে ইসলামীর নেতা-কর্মীদের মুক্তি না দিলে নির্বাচন হতে দেয়া হবে না।

আজ বুধবার দুপুরে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে দলের সম্মেলনে এসব হুঁশিয়ারি জানান তিনি।

হেফাজত আমির বলেন, একেক জন নেতার বিরুদ্ধে ৩০-৪০টা মামলা দায়ের করেছে। অবিলম্বে মামুনুল হকসহ হেফাজত নেতাদের মুক্তি দিতে হবে। না হলে গদি ছাড়তে হবে। যদি নিজেদের ভালো চান, অবিলম্বে কারাবন্দি সব আলেমকে মুক্তি দিন। হয়রানি বন্ধ করুন। তা না হলে অবস্থা করুণ হবে।

সমাবেশ থেকে ৭ দফা দাবি জানান দলটির নেতারা-

১.নিরীহ ফিলিস্তিনিদের ওপর অবিলম্বে ইসরায়েলি হামলা বন্ধ ও ইসরায়েলের সঙ্গে সব পর্যায়ের কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করা।

২. প্রায় তিন বছর ধরে মিথ্যা ও বানোয়াট মামলায় কারাগারে বন্দি হেফাজতের যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হক, অর্থ সম্পাদক মুফতি মুনীর হোসাইন কাসেমী, মুফতি ফখরুল ইসলাম ও মাওলানা রফিকুল ইসলাম মাদানীসহ আরও অনেক আলেম। তাদের আগামী ৩০ নভেম্বরের মধ্যে মুক্তি দেয়ার জন্য দাবি জানান হয়।

৩. ২০১৩ সাল থেকে অদ্যাবধি হেফাজতে ইসলামের নেতা কর্মীদের নামে দায়ের করা সব মিথ্যা মামলা অবিলম্বে প্রত্যাহার করতে হবে।

৪. ইসলাম বিরোধী সব অপশক্তি প্রতিরোধ, দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা ও মজলুম মানবতার অধিকার প্রতিষ্ঠায় সর্বস্তরের আলেম ও তৌহিদি জনতাকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাচ্ছে।

৫. আল্লাহ, রাসুল সা. ও ইসলাম ধর্মের অবমাননা এবং মুসলমানদের বিরুদ্ধে কুৎসা রোধে সর্বোচ্চ শাস্তির বিধান রেখে জাতীয় সংসদে আইন পাস করতে হবে।

৬. সরকারিভাবে কাদিয়ানিদের অমুসলিম ঘোষণা এবং তাদের প্রচারণা ও ষড়যন্ত্রমূলক সব অপ তৎপরতা বন্ধ করতে হবে।

৭.বাংলাদেশে মাওলানা সাদ সাহেবের আগমন স্থায়ীভাবে নিষিদ্ধ করতে হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত